২২ বছর পর শেষ চারে মরক্কো

Printed Edition
Sports-3
৫ ম্যাচে গোল করা মরক্কোর রিয়াল মাদ্রিদের ফুটবলার ব্রাহিম দিয়াজ : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

আফ্রিকা কাপ অব নেশন্স কাপের সেমিফাইনালে উঠেছে মরক্কো ও সেনেগাল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় দারুণ ছন্দে আছেন ব্রাহিম দিয়াজ। রাবাতে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের বিপক্ষে গত পরশু ২-০ ব্যবধানে জিতেছে আসরের স্বাগতিকরা। দলের হয়ে প্রথম গোলটি করেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড দিয়াজ। চলমান আসরে এ নিয়ে টানা ৫ ম্যাচে জালের দেখা পেলেন ২৬ বছর বয়সী এই উইঙ্গার। আর তাতেই আফ্রিকা কাপ নেশন্সের ইতিহাসে এক প্রথমের জন্ম দিলেন তিনি। ১৯৫৭ সাল থেকে শুরু হওয়া এই আসরের প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি গড়লেন দিয়াজ। দ্বিতীয় গোলটি করেন ইসমাইল সাইবারি। দু’জনের গোলের সুবাদে ২০০৪ সালের পর আবার সেমিফাইনালে উঠল মরক্কো।

এ দিন তাঞ্জিয়ারে শেষ আটের লড়াইয়ে প্রথম ম্যাচে ইলিমান এনদিয়ার একমাত্র গোলে মালিকে ১-০তে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে সাদিও মানের দেশ সেনেগাল। সর্বশেষ চার আসরে এ নিয়ে তিনবার সেমিফাইনালে উঠল দেশটি। মালি গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে ২৭ মিনিটে জাল খুঁজে নেন এনদিয়া। প্রথমার্ধের যোগ করার সময়ে অধিনায়ক ইয়েভেস বিসোউমা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় মালি।

ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে মরক্কোর ম্যাচ দেখতে রাবাতের প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে এ দিন দর্শক উপস্থিতি ছিল রেকর্ড ৬৪ হাজার ১৭৮ জন। নিজেদের দর্শকের সামনে ম্যাচে শুরু থেকেই ক্যামেরুনের রক্ষণে চাপ সৃষ্টি করে মরক্কো। ২৬ মিনিটে প্রথম গোল পায় দলটি। আশরাফ হাকিমির নেয়া কর্নারে আইউব এল কাবি হেডে বল পেয়ে সুযোগ হাতছাড়া করেননি ব্রাহিম দিয়াজ। কাছ থেকে বল জালে পাঠিয়ে মরক্কোকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। চলতি আসরে টানা পঞ্চম ম্যাচে গোল করলেন দিয়াজ। প্রথমার্ধ ওই ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর বল পজিশনে এগিয়ে গেলেও গোলের দেখা পাচ্ছিল না ক্যামেরুন। উল্টো ৭৩ মিনিটে হজম করে আরো এক গোল। ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল সাইবারি। এরপর আর কোনো দল জালের দেখা না পেলে ২-০ ব্যবধানে জয়ে ২০০৪ সালের পর আফ্রিকা কাপের সেমিফাইনালে উঠল মরক্কো।