নির্বাচিত সরকার চাইলে পদত্যাগ করব : ঢাবি ভিসি

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। তবে ধারাবাহিকতা রক্ষা এবং প্রশাসনিক শূন্যতা এড়ানোর স্বার্থে অংশীজন ও নির্বাচিত সরকার চাইলে তিনি আরো কিছু দিন দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘একটি আপৎকালীন বিশেষ পরিস্থিতিতে আমি এ দায়িত্ব গ্রহণ করেছিলাম। আমার ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চটা দিয়ে পালনের চেষ্টা করেছি। এই পর্যায়ে এসে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের মতো করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজাতে পারে।’

তবে তিনি স্পষ্ট করেন, এটি তাৎক্ষণিক কোনো পদত্যাগ নয়। ড. নিয়াজ বলেন, ‘ধারাবাহিকতা রক্ষা এবং প্রশাসনিক শূন্যতা কমানোর প্রয়োজনে অংশীজনরা কিংবা নির্বাচিত সরকার যদি আমাকে আরো কিছু সময় দায়িত্বে রাখতে চান, সে বিষয়টি আমি বিবেচনা করব।’

তিনি আরো জানান, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র জমা দেননি তিনি। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন এবং নতুন সরকারের সাথে পূর্ণ সহযোগিতার ভিত্তিতে কাজ করবেন।

ভিসি জানান, দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে তিনি নিজের মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে ফিরতে চান। এ বিষয়ে তিনি রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছে আবেদন করবেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে তিনি দায়িত্ব নেন এমন এক সময়ে, যখন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম কার্যত বন্ধ ছিল এবং প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল। সে সময় প্রধান লক্ষ্য ছিল একাডেমিক কার্যক্রম আবার চালু করা এবং বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। বর্তমানে পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক ও স্থিতিশীল বলে তিনি উল্লেখ করেন।

এ দিকে সংবাদ সম্মেলনের আগে তার বক্তব্য ঘিরে কিছু গণমাধ্যমে পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লেও সংবাদ সম্মেলনে এসে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, এটি দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ার অংশ, পদত্যাগ নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট ভিসি অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেন। এরপর একই বছরের ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে সাময়িকভাবে ভিসির পদে নিয়োগ দেয়া হয়।

পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো: শাহীনুর ইসলামের সই করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ সালের আর্টিকেল ১১(২) অনুযায়ী তাকে ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়।