সোনারগাঁওয়ে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বন্ধুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থীর নাম মেরাজ (১৫) ও কায়েস ভূঁইয়া (১৩)। মেরাজ দশম শ্রেণীর ছাত্র রাজধানীর কদমতলী থানার শনিআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে ও কায়েস ভূঁইয়া একে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র ও রাজধানীর ধনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে।

শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার বেলা ২টায় রাজধানীর একে স্কুল অ্যান্ড কলেজের তিনজন ও বর্ণমালা স্কুলের চারজন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে একত্রিত হয়ে সোনারগাঁওয়ে মেঘনা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। প্রথমে দু’জন পানিতে তলিয়ে যায় পরে তাদের উদ্ধার করতে মেরাজ ও কায়েস পানিতে নামলে তারা দু’জন নদীর পানির স্রোতে তলিয়ে যায়।