ফরিদপুরের ভাঙ্গায় রেললাইন থেকে ফাতেমা (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার কাপুড়িয়া সদরদী রেলক্রসিং সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের দেলোয়ার হোসেনের মেয়ে।

জানা গেছে, প্রায় এক বছর আগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আলিপুর কোহালদিয়া গ্রামের ইসরাফিল শিকদারের ছেলে সাইফুল শিকদারের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর দম্পতি ভাঙ্গার কাপুড়িয়া সদরদী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ফাতেমার স্বামী প্রবাসে থাকলেও প্রায় এক মাস আগে দেশে ফিরেছেন।

খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ও ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল সম্পন্ন করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।