সিসিকের সব জনবান্ধব প্রকল্প অনুমোদন করবে সরকার : এলজিইডি প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না সিদ্ধান্ত সংসদে
Printed Edition
সিলেট ব্যুরো
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনবান্ধব সব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অনুমোদনের আশ্বাস দিয়েছেন।
গতকাল সকালে নগর ভবনে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা মানুষের সুবিধার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছি। তাই প্রকল্প অবশ্যই জনবান্ধব হতে হবে। নাগরিকদের কাজে লাগে এরকম প্রকল্প অগ্রাধিকার দিয়ে আমরা যত দ্রুত সম্ভব অনুমোদন করব।
তিনি নবনিযুক্ত সিসিক প্রশাসকের প্রশংসা করে বলেন, আব্দুল কাইয়ুম চৌধুরীর যেমন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে, তেমনি রয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন কাজের বর্ণাঢ্য অভিজ্ঞতা। তিনি সিলেটের উন্নয়নের রূপকার, সাবেক অর্থ ও পরিকল্পনা এম সাইফুর রহমানর সাথেও কাজ করেছেন। আশা করি তার নেতৃত্বে সিলেট একটি আধুনিক নগর হবে। সিলেটের বাসিন্দারা পাবেন সর্বোচ্চ নাগরিক সেবা।
সিলেট সিটি করপোরেশনের কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, আমি আসার পথে দেখেছি শহর অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। আশা করি আপনারা এর ধারাবাহিকতা বজায় রাখবেন। সরকারের ওপর নির্ভরতা কমিয়ে সিটি করপোরেশনের নিজস্ব আয় বাড়াতে হবে।
তিনি ছড়া, খাল খনন করে দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, সিলেট সিটি করপোরেশনের অধীনে সিটি ওয়াসা স্থাপনসহ বিভিন্ন প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন। সেই সাথে সড়ক সংস্কার কাজে পরিবেশবান্ধব পদ্ধতি প্রয়োগেরও নির্দেশ দেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার একটা অধ্যাদেশ জারি করেছিলেন। আগামী ১২ মার্চ এই অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। পার্লামেন্ট কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে কোনটি করবেন না এটা ওই দিন সিদ্ধান্ত হবে। তারপরই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সিদ্ধান্ত হবে।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সিলেট-৩ আসনের এমপি এম এ মালিক, সিলেট-৬ আসনের এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের কামরুজ্জামান কামরুল, ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাসের আহমেদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী মো: আলী আকবর, সচিব বিশ্বজিত দেব, সিএমপির অতিরিক্ত কমিশনার এনামুল হকসহ সিটি করপোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।