রাশিয়ার বৃহত্তম অনলাইন রিটেইলারে ইউক্রেনের ড্রোন হামলা : আহত ৩
Printed Edition
আনাদোলু
রাশিয়ার বৃহত্তম অনলাইন রিটেইলার ‘ওয়াইল্ডবেরিজ’-এর লজিস্টিক সেন্টারে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ও সংলগ্ন লেনিনগ্রাদ অঞ্চলে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো সামাজিক মাধ্যম টেলিগ্রামে জানান, সেভসেভলোজস্ক জেলার নোভোসারাতোভকা গ্রামের লজিস্টিক সেন্টারে একটি ড্রোন আঘাত হানলে আগুন ধরে যায় এবং তিনজন আহত হন। এ ছাড়া কিরোভস্কি জেলার সিনিয়াভিনো গ্রামে ‘সেভেরনায়া পোল্ট্রি ফার্মে’ পৃথক একটি ড্রোন হামলায় একটি গুদাম ধসে পড়লেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই দিন সকালে সেন্ট পিটার্সবার্গ শহরও ড্রোন আক্রমণের শিকার হয় বলে জানান গভর্নর আলেকজান্ডার বেগলভ। তিনি উল্লেখ করেন, আক্রমণ প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ ‘মস্কোভস্কোয় মহাসড়ক’ সংলগ্ন কিছু বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে জরুরি পরিষেবা দল উদ্ধারকাজ পরিচালনা করছে।