বরিশালে উপদেষ্টা ফাওজুল কবির

আগামী নির্বাচনে যারাই বিজয়ী হবেন আমরা তাদের পাশে দাঁড়াব

Printed Edition
3rd-1
বরিশালের বাবুগঞ্জে আড়িয়ালখাঁ নদে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

সড়ক ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আগামী নির্বাচনে যারাই বিজয়ী হবে হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াব। গতকাল বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। ফওজুল কবির খান বলেন, আমাদের একটিই কথা নির্বাচন যেন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতো যেন কেউ ভোটকেন্দ্র দখল না করে। এখন নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ দেখবে নির্বাচন কমিশন। সেতুবিষয়ক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন কোন্দলের কারণে সেতুর বাস্তবায়ন দেরিতে হয়। যার কারণে সেতুর বাস্তবায়ন ব্যয়ও বেড়ে যায়। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করি। এ সময় নৌপরিবহণ উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, নির্মাণকালে চাঁদাবাজের উৎপাত হয় এবং প্রকল্পের নানা কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যার সৃষ্টি হয়। যা প্রকল্পের মান ও নির্মাণের মেয়াদের ওপর প্রভাব ফেলে। দেশের ৭০ শতাংশ মানুষ এখনো ধোঁয়াযুক্ত জ্বালানি ব্যবহার করে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যরে সেতুটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৪২ কোটি টাকা। সেতুটি নির্মিত হলে দেশের মূল ভূখণ্ডের সাথে বরিশালের মুলাদী ও হিজলা উপজেলা সরাসরি সড়ক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আসবে।