ফরিদপুরে মাদককারবারে বাধা দেয়ায় যুবককে কুপিয়ে হত্যা
Printed Edition
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মাদককারবারিতে বাধা দেয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবকের নাম রাজু শেখ (৩০)। গত সোমবার রাত ১০টার দিকে শহরের কুঠিবাড়ি রেলস্টেশন বাজারসংলগ্ন বস্তিতে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত রাজু ফরিদপুর শহরের দুই নং কুঠিবাড়ী মহল্লার স্টেশন বাজার মুসলিম কলোনি এলাকার বাবলু কসাইয়ের ছেলে। রাজুর এক মেয়ে ও এক ছেলে রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন পূর্বে ওই এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ মাদক ব্যবসায়ী শিল্পী ও তার সহযোগীদের আটক করে।
এ ঘটনায় রাজু জড়িত রয়েছে সন্দেহে শিল্পীর মেয়ের জামাই হৃদয় তার সহযোগীদের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
রাতে হৃদয়ের নেতৃত্বে রবিউল, স্বপ্ন, সাকি ও মারুফ নামে পাঁচজন চাপাতি, রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে রাজুকে ডেকে নিয়ে তার দুই পা ও ডান হাতের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাজুর ছেলে নীরব অভিযোগ করেন, হৃদয় ও তার সহযোগীরা তার বাবাকে ধরে আগে চোখেমুখে হলুদের গুঁড়া ছিটিয়ে দেয়। এ সময় তার বাবা নিচে পড়ে গেল তখন তাকে কুপিয়ে জখম করে ও পায়ের রগ কেটে দেয়। রাজুর বাবা বাবলু কসাই বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই, ফাঁসি চাই। পুলিশ জানায়, নিহত রাজুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, এ হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে হৃদয় শেখ নামে যার কথা শোনা যাচ্ছে, সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং একাধিকবার পুলিশ তাকে গ্রেফতার করেছে।