ফের মুখ থুবড়ে পড়ল ভারতের তেজস যুদ্ধবিমান

Printed Edition

দ্য ইকোনমিক টাইমস

ফের মুখ থুবড়ে পড়ল ভারতের তেজস যুদ্ধবিমান। চলতি মাসের শুরুতে একটি বিমানঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ) দুর্ঘটনার শিকার হয়। বিমানবাহিনীর সূত্র জানায়, প্রশিক্ষণ উড্ডয়ন শেষে অবতরণের সময় যুদ্ধবিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পুরোপুরি বাতিল হিসেবে গণ্য হতে পারে। তবে পাইলট গুরুতর আঘাত ছাড়া প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনায় পতিত যুদ্ধবিমানটি ভারতের রাষ্ট্রায়ত্ত নির্মাতা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের (এইচএএল) তৈরি। সংস্থাটি এ ধরনের ৩২টি এক আসনের তেজস যুদ্ধবিমান সরবরাহ করেছিল।

ভারতীয় বিমানবাহিনী আরো উন্নত এমকে-১এ সংস্করণের ১৮০টি তেজস বিমানের অর্ডার দিয়েছিল। তবে এই সংস্করণের সরবরাহের জন্য একাধিক সময়সীমা পেরিয়ে গেছে। এটি তেজস বহরের তৃতীয় বড় দুর্ঘটনা। প্রথমটি ঘটে ২০২৪ সালের মার্চে। ওই সময় রাজস্থানের জয়সালমিরের কাছে প্রদর্শনী শেষে ফেরার পথে একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। অবতরণের চূড়ান্ত পর্যায়ে বিমানটি নিয়ন্ত্রণ হারালে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালে। প্রদর্শনীতে উড্ডয়নের সময় একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হলে পাইলট নিহত হন। ওই ঘটনার তদন্ত এখনো চলমান। সাম্প্রতিক দুর্ঘটনার পর তেজস কর্মসূচির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমানবাহিনী অতিরিক্ত সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষা চালাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।