কলাপাড়ায় নারী কৃষকের অধিকার নিশ্চিতে মানববন্ধন
Printed Edition
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় নারী কৃষকের অধিকার ও ২০১৮ সালের কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চম্পাপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের নারী কৃষকদলের উদ্যোগে, উন্নয়ন সংস্থা আভাস ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় কলাপাড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং পরে প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ‘নারী কৃষকের অধিকার ও মানবাধিকার’ শীর্ষক লিখিত বক্তব্য উপস্থাপন করেন নারী কৃষক চন্দ্রিকা রায় তমা ও মাসুমা বেগম। তারা বলেন, দেশের কৃষি অগ্রগতি ও খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অবদান গুরুত্বপূর্ণ হলেও এখনো তারা প্রকৃত স্বীকৃতি ও অধিকার থেকে বঞ্চিত।
নারী কৃষকরা কয়েকটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো : কৃষিকাজে নারীর আনুষ্ঠানিক স্বীকৃতি, গ্রামীণ এলাকায় নারীবান্ধব যোগাযোগ ব্যবস্থা ও হাট-বাজার অবকাঠামো উন্নয়ন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয়ের ব্যবস্থা, নিয়মিত প্রশিক্ষণ, সরকারি কৃষক তালিকায় নারী কৃষকদের অন্তর্ভুক্তি এবং প্রণোদনা-সহায়তায় অগ্রাধিকার প্রদান।