যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার ও আলোচনায় ফেরার আহ্বান বিশ্বনেতাদের
Printed Edition
ডন, ফার্স নিউজ
আলোচনার মাধ্যমে অচলাবস্থা কাটাতে ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা তাদেরকে আলোচনায় ফিরে যাওয়ারও আহ্বান জানিয়েছে। পাকিস্তানও রোববার একই অনুরোধ জানায়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়, তা থামাতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। কয়েক সপ্তাহের লড়াইয়ের পর দুই পক্ষ দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়ে ইসলামাবাদে উচ্চপর্যায়ের আলোচনায় বসে। তবে কোনো অগ্রগতি না হওয়ায় আবারও সঙ্ঘাত বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার বলেন, উভয় পক্ষের জন্য যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখা অত্যন্ত জরুরি।
তিনি আরো জানান, পাকিস্তান ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ ও যোগাযোগে সহায়তা করে যাবে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং-ও একই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনায় ফিরে যাওয়া। তিনি ইসলামাবাদের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ায় হতাশা প্রকাশ করেন। ইসহাক দার সৌদি আরব ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও আলাদা ফোনালাপে একই বিষয় জোর দিয়ে তুলে ধরেন। ইউরোপীয় ইউনিয়নও একই ধরনের আহ্বান জানিয়েছে। তাদের মুখপাত্র আনোয়ার আল আনৌনি বলেন, যুদ্ধ সমাধানে কূটনীতি অপরিহার্য। পাকিস্তানের মধ্যস্থতাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ব্রাসেলস অংশীদারদের সাথে সমন্বয় করে ভবিষ্যৎ প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত।