ছাতকে মুক্তিযোদ্ধার পরিবারকে হয়রানি করছেন আরেক মুক্তিযোদ্ধা

Printed Edition

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের ছাতকে এক বীর মুক্তিযোদ্ধার পরিবার দীর্ঘদিন ধরে হুমকি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। অভিযোগে বলা হয়েছে, গ্রামের আরেক মুক্তিযোদ্ধা ও এলাকার এক প্রভাবশালী নেতা মিলে ওই পরিবারের বসতভিটা দখলের চেষ্টা করছেন। নিরাপত্তা চেয়ে পরিবারটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ছাতক থানা ও সংশ্লিষ্ট সরকারি দফতরে লিখিত অভিযোগ দিয়েছে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আঞ্জব আলীর ছেলে জহির আলী অভিযোগ করেন, তাঁর বাবা ১৯৮৫ সালে ভূমিহীন হিসেবে সরকারি লিজপ্রাপ্ত জমিতে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের আদেশে ওই তফসিলভুক্ত জমি স্থায়ী বন্দোবস্ত পান। বর্তমানে সেখানে পরিবারের চারটি বসতঘর রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সরকারি জমি দখল করে বিক্রি করেছেন। একই কায়দায় এখন তারা মুক্তিযোদ্ধা আঞ্জব আলীর পরিবারের জমিও দখল করে অন্যের কাছে বিক্রি করে দেয়ার হুমকি দিচ্ছেন। ২০২০ সালেও একই ধরনের চেষ্টা চালানো হয়েছিল।

জহির আলী জানান, সরকার পরিবর্তনের পর কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও গত ছয় মাস ধরে আবারো অভিযুক্তরা সক্রিয় হয়ে উঠেছে। মরহুম আঞ্জব আলীর স্ত্রী ছায়ারুন নেছা বলেন, সরকার আমাদের ভূমিহীন মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে সম্মানের সাথে জায়গা দিয়েছে। আমরা সরকারের দেয়া ভাতাও পাই। অথচ দুঃখজনকভাবে আরেকজন মুক্তিযোদ্ধা প্রভাবশালীদের সাথে নিয়ে আমাদের ক্ষতি করতে উঠেপড়ে লেগেছেন।