পাবনায় জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা ও হেনস্থার অভিযোগ

Printed Edition

পাবনা প্রতিনিধি

পাবনা-৫ (সদর) আসনের বুদেরহাট এলাকায় জামায়াতের প্রার্থীর পক্ষে মহিলা জামায়াতের কর্মীদের প্রচারণায় বাধা ও হেনেস্থা করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাগি¦তণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। গতকাল মঙ্গলবার দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

মহিলা জামায়াতের কর্মীরা অভিযোগ করে বলেন, তারা ওই এলাকায় জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার জন্য যান এবং কয়েকটি বাড়িতে প্রচারণার কাজ করেন। এ সময় কিছু পুরুষ মানুষ এসে আমাদের বাধা দেন এবং বলেন, এটা শিমুল বিশ্বাসের (বিএনপির প্রার্থী) নিজ এলাকা। এখানে জামায়াতের ভোট চাওয়া যাবে না বলে তারা আমাদের অকথ্যভাষায় গালিগালাজ করে।

তারপরও আমরা ভোট চাওয়ার চেষ্টা করলে আরো লোকজন এসে আমাদের ধাক্কাধাক্কি ও লাঞ্ছিত করে। খবর পেয়ে ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল সুলতান এলে তাকেও মারধর করা হয়। এ সময় আমাদের আটকে রাখা হয়।

জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, ভোট চাওয়ার অধিকার সবারই আছে। আজকের ঘটনায় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি চাই।

এ বিষয়ে বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জেলার বিএনপি যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টুসহ কয়েকজনের সাথে যোগাযোগ করেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পাবনা-৫ আসন নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ বলেন, একপক্ষ আরেকপক্ষকে মারধরের অভিযোগ পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। লিখিত অভিযোগ পেলে বিচারিক কমিটি পরবর্তী ব্যবস্থা নেবে।