নারী নির্যাতন বন্ধে বিচারব্যবস্থা ঢেলে সাজাতে হবে : নূরুন্নিসা সিদ্দীকা

Printed Edition
3rd-3
আন্তর্জাতিক নারী দিবসে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আলোচনা সভা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

নারী নির্যাতন বন্ধে বিচারব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি নারী ও শিশু নির্যাতন বন্ধে দ্রুতবিচার ট্রাইবুন্যাল গঠনের জোর দাবি জানান।

গতকাল রাজধানীর মগবাজারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সমাজকল্যাণ বিভাগীয় সেক্রেটারি খন্দকার আয়শা খাতুন। অলোচনা সভায় উদ্বোধনী বক্তৃতা করেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য তালিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারি ইরানী আক্তার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য উম্মে খালেদা জাহান, শিক্ষিকা ফাতিমা আক্তার হ্যাপি। আরো বক্তৃতা করেন, হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ হসপিটালের ফিজিওলোজি ডিপার্টমেন্টের প্রধান ডা: নাজনীন আক্তার, সাবেক কাউন্সিলর আমেনা বেগম প্রমুখ।

নূরুন্নিসা সিদ্দীকা তার বক্তব্যে কিছু নারীবাদী সংগঠনের সমালোচনা করে বলেন, বোরকা পরা মুসলিম নারী সহিংসতার শিকার হলে তারা প্রতিবাদী হন না; বরং নির্দিষ্ট শ্রেণীর নারীদের এজেন্ডা বাস্তবায়ন করেন। তিনি নারী ইস্যুতে সব নারীকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার আহ্বান জানান।

প্রধান বক্তা অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি বলেন, নারীর ক্ষমতায়নের ভারসাম্য আনতে জুলাই সনদের বাস্তবায়ন জরুরি। এ সময় তিনি নারী নির্যাতনের তথ্য উল্লেখ করে বলেন, দীর্ঘদিন শিক্ষাব্যবস্থাসহ সমাজের সব ক্ষেত্রে অনৈতিক পরিবেশ নারীর প্রতি সহিংসতা বাড়াচ্ছে।

অনুষ্ঠানের সভাপতি খন্দকার আয়শা খাতুন নারী অধিকার রক্ষায় সব শ্রেণীপেশার নারীদের সতেচনতা জরুরি বলে মন্তব্য করেন। আলোচনা সভায় কেন্দ্রীয় কর্মপরিষদসহ রাজধানীর বিভিন্ন শ্রেণীপেশার নারীরা উপস্থিত ছিলেন।

আলোচনার মাঝে আবৃত্তি করেন কাজী তাবাসসুম। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রোজিনা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারজান হীরা।