শিবচরে ইসলামী আন্দোলনের গণসংযোগ

Printed Edition

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের শিবচর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে হ্যান্ডবিল বিতরণ ও জনসম্পৃক্ততা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এই কর্মসূচি আয়োজন করা হয়। বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শিবচর পৌরসভা ও পাঁচ্চরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এ কার্যক্রম পরিচালিত হয়। বাজারে আগত পথচারী, ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষদের মধ্যে হ্যান্ডবিল বিতরণ করা হয়। পাশাপাশি দলের রাজনৈতিক দর্শন, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মাদারীপুর-১ (শিবচর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আকরাম হোসাইন । জনসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, শিবচরের মানুষ আমাদের প্রতি যে আন্তরিকতা ও ভালোবাসা দেখিয়েছেন, তা আমাদের নতুন উদ্দীপনা দিয়েছে। দেশের কল্যাণ, জনগণের অধিকার রক্ষা এবং গরিব ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল অঙ্গীকার।

তিনি আরো বলেন, বৃহত্তর স্বার্থে যদি মুরুব্বিদের নেতৃত্বে ঐক্যবদ্ধ জোট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়, তবে সেই সিদ্ধান্ত আমরা সানন্দে মেনে নেবো। জোট থেকে যাকে প্রার্থী করা হবে, তাকে বিজয়ী করতে দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে, ইনশা আল্লাহ। নিজের প্রার্থিতা প্রসঙ্গে বলেন, দল ও জোটের সিদ্ধান্তে যদি আমাকে মনোনয়ন দেয়া হয়, তবে শিবচরের জনগণকে সাথে নিয়ে বিজয় অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালাব। জনসংযোগে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।