চট্টগ্রাম বন্দরের উন্নয়নে কারিগরি ও আর্থিক সহায়তার আশ্বাস এডিবির
Printed Edition
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মি. হো ইউন জংয়ের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে চবক চেয়ারম্যান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বন্দরের সাম্প্রতিক সাফল্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সব সূচকে অর্জিত অভাবনীয় প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বর্তমান প্রশাসন বন্দরকে আরো দক্ষ ও আধুনিক করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে।’
চেয়ারম্যান আরো উল্লেখ করেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম বন্দরের মাল্টি-মোডাল কানেকটিভিটি এবং লজিস্টিক চেইন উন্নয়নে এডিবির সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বন্দরের আধুনিক মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং অপারেশনাল এলাকায় কারিগরি সহায়তাসহ বিভিন্ন প্রকল্পে এডিবির প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন। এডিবির কান্ট্রি ডিরেক্টর মি. হো ইউন জং চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে কারিগরি সহায়তা এবং ঋণ প্রদানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এডিবি সর্বদা বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। বাংলাদেশের প্রধান এই প্রবেশপথের ভবিষ্যৎ বিনির্মাণে আমরা একসাথে কাজ করতে আগ্রহী।’ বৈঠকে উভয় সংস্থার প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বন্দরের সক্ষমতা বাড়াতে ঐকমত্য পোষণ করেন।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), বাস্তবায়নাধীন লালদিয়া কনটেইনার টার্মিনাল এবং বে-টার্মিনাল প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি।