সাহায্যের আবেদন

অসুস্থ ছেলেকে বাঁচাতে অসহায় বাবার আবেদন

Printed Edition
3rd-5
অসুস্থ ছেলেকে বাঁচাতে অসহায় বাবার আবেদন

নিজস্ব প্রতিবেদক

দুই বছর বয়সে ভুল চিকিৎসার শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে সুস্থ জীবন থেকে বঞ্চিত রুম্মান (১১)। রুম্মানকে সুস্থ করতে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব তার বাবা আহসান হাবিব। এ অবস্থায় তিনি বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

আহসান হাবিব জানান, রুম্মানের বয়স যখন দুই বছর, তখন হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলে তাকে রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর কমানোর জন্য রুম্মানের ব্রেনে দু’টি ইঞ্জেকশন পুশ করেন চিকিৎসকরা। এতে জ্বর কমলেও ইঞ্জেকশনের পার্শ্বপ্রতিক্রিয়ায় সে মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হয়।

আহসান হাবিব বলেন, আমার ছেলের মাথায় যন্ত্রণা শুরু হলে শক্ত কোনো কিছুর সাথে আঘাত করে নিজেই নিজের মাথা রক্তাক্ত করে ফেলে। তার মাথায় যন্ত্রণা শুরু হলে আমরা তাকে শিকল দিয়ে বেঁধে রাখি। বাবা হয়ে সন্তানের এই অমানবিক কষ্ট আর দেখতে পারছি না।

আক্ষেপ করে আহসান হাবিব বলেন, বর্তমানে আমার বয়স ৬০ বছর। এত বছরের জীবনে একমাত্র সন্তানের মুখে এখনো বাবা ডাক শোনার সৌভাগ্য হয়নি আমার। তিনি জানান, ২০১৭ সাল থেকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান ডা: মিজানুর রহমানের অধীনে চিকিৎসাধীন রুম্মান। চিকিৎসক তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। উন্নত চিকিৎসা করালে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার কথা জানিয়েছেন চিকিৎসক। বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন উল্লেখ করে দরিদ্র আহসান হাবিব বলেন, ছেলে সুস্থ হয়ে ওঠার আশায় সহায়-সম্বল ও ভিটেমাটি বিক্রি করে এত দিন চিকিৎসা চালিয়েছি। এখন নিজের থাকার জায়গা না থাকায় অন্যের দেয়া জমিতে আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে। ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো এ মুহূর্তে আর কিছুই অবশিষ্ট নেই।

রুম্মান সাঈদকে সাহায্য পাঠানোর ঠিকানা : পিতা আহসান হাবিব, অগ্রণী ব্যাংক, হিসাব নং-০২০০০১২৪৯১৫০১, শাখা-দিনাজপুর ফুলবাড়ী। অথবা ০১৪০০০২৯১৩১ বিকাশ নম্বরেও আর্থিক সাহায্য পাঠানো যাবে।