জন্মদিনে সিলেট ক্লাবে গাইবেন মিথিলা

Printed Edition
Binodon-3
জন্মদিনে সিলেট ক্লাবে গাইবেন মিথিলা

বিনোদন প্রতিবেদক

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিন মিথিলা এই মৌসুমে স্টেজ শো নিয়েই বেশ ব্যস্ত রয়েছেন। এরই মধ্যে তিনি কয়েক দিন আগেই রাজধানীর অদূরে নারায়ণগঞ্জে একটি স্টেজ শোতে তিনি একাই অনুষ্ঠানে উপস্থিত শ্রোতা দর্শককে গানে গানে মুগ্ধ করেছেন। আবার একই দিনে তিনি নারায়ণগঞ্জের ক্লাবে অতিথি হিসেবেও নিমন্ত্রিত ছিলেন। আজ তিনি সন্ধ্যার পর সিলেটের বিমানবন্দরের কাছে অবস্থিত সিলেট ক্লাবে সঙ্গীত পরিবেশন করবেন বলে নিশ্চিত করেছেন। মিথিলার সাথে এই আয়োজনে আরো সঙ্গীত পরিরেশন করবেন জোবায়ের জাহাঙ্গীর জয়। সাধারণ স্টেজ শোতে জয় ও মিথিলা এক সাথেই সঙ্গীত পরিবেশন করেন। যে কারণে মিথিলা-জয় এক সাথেই সিলেট ক্লাবে সঙ্গীত পরিবেশন করার নিমন্ত্রণ পেয়েছেন। তবে মিথিলার খুব ইচ্ছে ছিল আজকের দিনটি তার বাবা-মায়ের সাথে কাটানোর। কারণ আজ তার জন্মদিন। কিন্তু ‘শো মাস্ট গো অন’-এই কথায় যথারীতি বিশ^াস রেখে মিথিলা গতকাল রাতেই সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন জয়সহ অন্যান্য যন্ত্রশিল্পীদের নিয়ে। সিলেট ক্লাবেই আজ তারা অবস্থান করবেন। শো শেষে তারা আজ রাতেই ঢাকার উদ্দেশে রওনা হবেন। মিথিলা বলেন, ‘খুব ইচ্ছে ছিল এবারের জন্মদিনে ঢাকায় থাকার, আব্বা-আম্মার সাথে জন্মদিনটি উদযাপন করার। কিন্তু শেষ পর্যন্ত সিলেট ক্লাবে শো আসার কারণে জন্মদিনটিতে এবার আর ঢাকায় থাকার সুযোগ হলো না। যথারীতি পেশাগত দায়িত্বের কারণেই আমাকে সিলেট আসতে হলো। সাথে আছে জয়সহ অন্যান্য প্রিয় যন্ত্রীশিল্পী। আশা করছি সিলেট ক্লাবের আজকের আয়োজনটি চমৎকার হবে। সাধারণত শোতে আমি হারানো দিনের গান, ফোক গান, আধুনিক গান পরিবেশন করি। সেদিক বিবেচনায় আজকেও যথারীতি এ ধরনের পরিবেশনাই থাকবে। জয়ের সাথেও বেশ কিছু দ্বৈত গান গাওয়ার পরিকল্পনাও আছে। আমার জন্য দোয়া করবেন সবাই।’ এরই মধ্যে মিথিলা বিটিভির ‘শেকড়ের গান’ ও ‘গীতিবিচিত্রা’য় দু’টি গান গেয়েছেন। লালমাটিয়া কলেজ থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া মিথিলা গানে গানেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান আগামীর পথে। যে কারণে তিনি এই সময়ে ভীষণ মনোযোগ দিচ্ছেন মৌলিক গানের প্রতিও। নতুন বছরের শুরুতে তিনি নতুন একটি মৌলিক গান প্রকাশের পরিকল্পনা নিয়েছেন। তার বিশ্বাস নতুন এই গানটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা গান হবে। সময় হলেই গানটির বিষয়ে বিস্তারিত জানাবেন শ্রোতা দর্শককে। কিছু দিন আগেই তার কণ্ঠে নতুন মৌলিক গান ‘মন সারাক্ষণ’ প্রকাশিত হয়েছে। গানটি লেখা ও সুর করা আহসান জামিলের। এছাড়াও ফোক গান ‘ভালো আমি বাসলাম যারে’ শিরোনামের ফোক গান প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন এনামুল হক পলাশ, সুর করেছেন কে ডি বিজন।