মন্ত্রী হয়ে প্রথম জেলায় এসে জনগণের ভালোবাসায় সিক্ত

দুর্নীতি নির্মূল করে বিমান ও পর্যটনকে গতিশীল করা হবে : বিমানমন্ত্রী

Printed Edition
3rd-4
বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমকে মানিকগঞ্জ সার্কিট হাউজে ফুল দিয়ে শুচ্ছো জানানো হয় : নয়া দিগন্ত

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ও ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

বেসরকারি বিমান ও পর্যটন খাতে কোনো দুর্নীতি বরদাশত করা হবে না। যেকোনো মূল্যে দুর্নীতি মুক্ত করে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন খাতকে গতিশীল করা হবে। আমরা জনগণের সাথে করা প্রতিটি কমিটমেন্ট বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সর্বাত্মকভাবে কাজ করে যাবে।

গতকাল সকালে মানিকগঞ্জ-৩ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আফরোজা খানম রিতা মন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম মানিকগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় উপরি উক্ত মন্তব্য করেন।

মন্ত্রী হয়ে এই প্রথম তিনি নিজ নির্বাচনী এলাকায় এসে জনগণের ভালোবাসায় সিক্ত হন। মানিকগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় টিআরইউ, সম্পাদক পরিষদ, জেলা আইনজীবী সমিতি, দলীয় নেতাকর্মী, জেলা প্রশাসনসহ সাধারণ জনগণ নতুন মন্ত্রী রিতাকে শুভেচ্ছা জানান।

সকালে গার্ড অব অনার গ্রহণের পর সাংবাদিক ও আইনজীবীদের সাথে আলাপ শেষে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে জেলা দফতর প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, সকল বিভাগের সবাইকে সততা ও দক্ষতা নিয়ে কাজ করতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, মানুষের খুব বেশি চাহিদা নেই। শুধু তাদের অধিকারটুকু তাদের দিতে হবে। তিনি বলেন,অল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি কাজগুলো নির্দিষ্ট করে আমাকে প্রকল্প দিবেন, আমি আপনাদের নিয়ে উন্নয়ন কাজগুলো করব।

তিনি কর্মকর্তাদের বলেন, আপনাদের নিকট এসে কেউ যেন হয়রানি না হয়। আমরা মানুষের খেদমত করার জন্যই দায়িত্ব নিয়েছি। তিনি আরো বলেন, কেউ অন্যায় করলে, চাঁদাবাজি করলে, কেউ সন্ত্রাস করলে কঠোরভাবে দমন করতে হবে। যদি আমার দলেরও হয়, তাকেও ছাড় দেয়া যাবে না। যেকোনো মূল্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মানিকগঞ্জে গ্যাসের চাহিদা পূরণে তিনি কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ১৮০ দিনের যে বিশেষ কাজগুলো করবেন, ঠিক আমরাও জেলায়ও তেমনি এই সময়ে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করব।

পরে তিনি তার পিতা সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নু ও বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের মাজার জিয়ারত করেন।

এ সময় আফরোজা খান রিতা বলেন, খোন্দকার দেলোয়ার হোসেন ও হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জের রাজনীতির দুই উজ্জ্বল নক্ষত্র; তাদের প্রদর্শিত পথেই মানিকগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর নূরতাজ আলম বাহার, খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আকবর হোসেন বাবলু ও আব্দুল হামিদ পবন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ পারভেজ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, সাংগঠনিক সম্পাদক মামুন ভুইয়া প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এরপর তিনি তার মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ডস্থ জনসংযোগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।