বিএনপিতে কোনো সন্ত্রাসীর স্থান নেই : আমান উল্লাহ আমান

Printed Edition
bangla-3
কেরানীগঞ্জে ঢাকা-২ আসনের আমান উল্লাহ আমান এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির নেতাকর্মীরা : নয়া দিগন্ত

ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত উন্নয়ন ও জনদুর্ভোগ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় কঠোর বার্তা দিয়েছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান। তিনি বলেছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের স্থান নেই এবং দলীয় পরিচয়ে অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না।

গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানান। তিনি বলেন, সে যত বড় নেতা হোক, সন্ত্রাস বা চাঁদাবাজিতে জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে। দলীয় নাম ব্যবহার করে পার পাওয়ার সুযোগ নেই।

ঢাকা-২ আসনকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বৈশ্বিক মানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোরও আহ্বান জানান।

যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ, লোডশেডিং কমানো ও গ্যাস সরবরাহ বাড়ানোর তাগিদ দেন তিনি। আন্দোলনে নিহত রিয়াজের স্মরণে ‘রিয়াজ চত্বর’ নির্মাণের ঘোষণাও দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক। উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিএনপির নেতারা।