ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার দায়ে গ্রেফতার ১০
Printed Edition
ময়মনসিংহ ভালুকা সংবাদদাতা
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস (২৭) নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৪ এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিতের পর থেকে অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
গতকাল র্যাব-১৪ এর পরিচালক নাঈমুল হাসান প্রেস ব্রিফিংয়ে এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেফতাররা হলেন- কারখানার ব্যবস্থাপক (গার্মেন্ট শাখা) মো: তারেক হোসেন, ফ্লোর ইনচার্জ আলমগীর হোসেন, কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন আকন, মো: লিমন সরকার, মো: মানিক মিয়া, এরশাদ আলী, নিজুম উদ্দিন, স্থানীয় দোকান কর্মচারী শাহিন, নাজমুল ও মসজিদের ইমাম আজমল হাসান সগির।
ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ জনতা ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে। পরে লাশ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।
এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অর্ধপোড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদি হয়ে ১৪০-১৫০ অজ্ঞাত ব্যক্তির নামে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
ভালুকা মডেল থানার ওসি জাহেদুল ইসলাম জানান, নিহত দিপু চন্দ্র দাস জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি ওই কারখানায় কর্মরত ছিলেন।