মেয়র মামদানির নতুন সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরাইল
Printed Edition
নিউ ইয়র্ক টাইমস, পলিটিকো ও টাইমস অব ইসরাইল
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণের পরপরই ইসরাইলবিরোধী এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। দায়িত্বের প্রথম দিনেই তিনি সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা কয়েকটি নির্বাহী আদেশ বাতিল করেন। এর মধ্যে রয়েছে ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) অনুমোদন বাতিল এবং ইসরাইল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেয়া।
মামদানির এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, তার এই সিদ্ধান্ত ইহুদিবিদ্বেষকে আরো উসকে দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তার আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরাইল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদিবিদ্বেষী ঘি ঢালার সমান। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের সাবেক মেয়র এরিক অ্যাডামস ২০২৪ সালে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর বেশ কিছু বিতর্কিত নির্বাহী আদেশ জারি করেছিলেন। মামদানি তার দায়িত্বের প্রথম দিনেই সেসব আদেশ বাতিল করেন। বাতিল হওয়া আদেশগুলোর মধ্যে একটি ছিল ইহুদিবিদ্বেষের সংজ্ঞা বাতিল।
এরিক অ্যাডামস ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের (আইএইচআরএ) দেয়া ইহুদিবিদ্বেষের সংজ্ঞাকে গ্রহণ করেছিলেন। এই সংজ্ঞায় ইসরাইলকে ‘অশুভ শক্তি’ হিসেবে দেখানো বা তার সমালোচনা করাকেও আধুনিক ইহুদিবিদ্বেষের অংশ হিসেবে ধরা হতো। মামদানি এই সংজ্ঞাটি বাতিল করেছেন। সাবেক মেয়র অ্যাডামসের একটি আদেশে সিটি কর্মকর্তাদের ইসরাইল বয়কট বা বিডিএস আন্দোলনের পক্ষে কাজ করা নিষিদ্ধ ছিল। মামদানি সেই নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন। এ ছাড়া কোনো উপাসনালয়ের পাশে বিক্ষোভ নিয়ন্ত্রণ-সংক্রান্ত অ্যাডামসের আরেকটি নির্দেশিকাও বাতিল করেছেন নতুন মেয়র। মামদানি এসব আদেশ বাতিল করার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইলের প্রতিক্রিয়া আসে।
তবে মেয়র মামদানির কার্যালয় জানিয়েছে, নবনির্বাচিত প্রশাসনের একটি ‘নতুন শুরু’ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মামদানি নিজে একজন ডেমোক্র্যাটিক সোস্যালিস্ট এবং দীর্ঘকাল ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার। উদ্বোধনী ভাষণে তিনি ইহুদি নিউ ইয়র্কবাসীকে আশ্বস্ত করে বলেন, “আমার মতো একজন মুসলিম আর কোথায় বেগেল ও লক্স (ইহুদিদের ঐতিহ্যবাহী খাবার) খেয়ে বড় হওয়ার সুযোগ পেত?” মামদানি আরো স্পষ্ট করেছেন, এরিক অ্যাডামসের অনেক আদেশ বাতিল করলেও ‘অফিস টু কমব্যাট অ্যান্টিসেমিটিজম’ (ইহুদিবিদ্বেষবিরোধী দফতর) তিনি সচল রাখবেন।