ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের গলার কাঁটা স্বতন্ত্র প্রার্থী

Printed Edition

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রার্থীর বিপরীতে দলেরই এক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে নেমেছে। এতে দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয়ভাবে স্বতন্ত্র প্রার্থিতায় অনানুষ্ঠানিক সবুজ সঙ্কেত থাকলেও বিষয়টি ধানের শীষ প্রার্থীর জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে বিএনপির কেন্দ্র থেকে এখনো কোনো কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়নি। স্থানীয় বিএনপির তৃণমূল নেতাদের একাংশের মতে, এই স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী ফলাফলে দলের জন্য ক্ষতিকর হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, এতে দলের ভেতরে দ্বন্দ্ব ও সংঘাতের ঝুঁকিও বাড়ছে। ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো: রাশেদ খান। তিনি আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপির মহাসচিব তাকে এ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়ার কথা ঘোষণা করেন। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন।

অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।