মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর পুলিশের হামলায় জামায়াতের নিন্দা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটা ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালীন পুলিশ অতর্কিতভাবে সাংবাদিকদের ওপর চড়াও হয়। এতে অন্তত তিনজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন- তোফায়েল (বাংলা নিউজ), আকাশ (এনপিবি নিউজ),কাওসার আহমেদ রিপন (আজকের পত্রিকা)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবৃতিতে বলা হয়, সাংবাদিকরা পেশাদারিত্বের সাথে ঘটনার লাইভ সম্প্রচার করছিলেন। কোনো উসকানি ছাড়াই পুলিশ তাদের ওপর অযাচিত সহিংসতা চালিয়েছে, যা সংবাদপত্রের মৌলিক স্বাধীনতা ও অধিকারের পরিপন্থী।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সাংবাদিকতা জনগণের স্বার্থে সত্য প্রকাশের পেশা। নির্যাতনের মাধ্যমে এই কণ্ঠ রোধ করা সম্ভব নয়।’ তিনি সরকারের কাছে তিনটি সুনির্দিষ্ট দাবি জানিয়ে বলেন, আহত সাংবাদিকদের দ্রুত ও উন্নত সুচিকিৎসা নিশ্চিত , সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী পুলিশ সদস্যদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।