ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির সভা

নিরাপদ নেভিগেশন ও সামুদ্রিক অর্থনীতির বিকাশে হাইড্রোগ্রাফিক জরিপ গুরুত্বপূর্ণ

Printed Edition
3rd-4
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনার বানৌজা ঈসা খানে হাইড্রোগ্রাফিক কমিটির সভায় অংশগ্রহণকারীরা : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা এবং সামুদ্রিক কর্মকাণ্ডকে নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির ১৫তম সভা গতকাল রোববার বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় বানৌজা ঈসা খানে অনুষ্ঠিত হয়। সব মেরিটাইম সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদার করার প্রয়াসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। হাইড্রোগ্রাফিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং মেরিটাইম সংস্থার প্রতিনিধিরা উক্ত সভায় অংশগ্রহণ করেন। এ ছাড়াও, দুই দিনের এ আয়োজনে অংশগ্রহণকারীরা বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশানোগ্রাফিক সেন্টারের কার্যক্রম পরিদর্শন ও নৌবাহিনীর সার্ভে জাহাজের মাধ্যমে সমুদ্রে হাইড্রোগ্রাফিক কার্যক্রম সরজমিনে প্রত্যক্ষ করবেন।

হাইড্রোগ্রাফিক জরিপ সমুদ্রগামী জাহাজের নিরাপদ নেভিগেশন ও সামুদ্রিক অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর সেইফটি অফ লাইফ এট সি (সোলাস) কনভেনশন অনুযায়ী উপকূলীয় দেশসমূহের জন্য যথাযথ হাইড্রোগ্রাফিক সেবা ও নটিক্যাল চার্টিং নিশ্চিত করার লক্ষ্যে ১৯৮৩ সালে বাংলাদেশ নৌবাহিনী হাইড্রোগ্রাফিক সার্ভিস চালু করে। ২০০১ সালে বাংলাদেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (আইএইচও)-এর সদস্যপদ অর্জন করে এবং একই বছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রায় ২৫টি মেরিটাইম ও সহযোগী সংস্থা এ কমিটিতে প্রতিনিধিত্ব করছে। সভায় সমুদ্র জরিপ, অফশোর স্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, বন্দর উন্নয়ন, জলবায়ুজনিত ঝুঁঁকি মোকাবেলা, তথ্য বিনিময় ও প্রশিক্ষণ জোরদারসহ এমএসডিআই এবং এমএসপি প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটি হাইড্রোগ্রাফি ও সমুদ্রবিজ্ঞানভিত্তিক উদ্ভাবনের মাধ্যমে সমুদ্র অর্থনীতিকে আরো সমৃদ্ধ করবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন হাইড্রোগ্রাফিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনী নর্থ ইন্ডিয়ান ওশ্যান হাইড্রোগ্রাফিক কমিশন (এনআইওএইচসি)-এর ২০২৫-২০২৭ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছে, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।