ধুনটে মা ও ছেলে নিহত

অন্যান্য স্থানে প্রাণ গেল আরো ৩ জনের

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় বগুড়ার ধুনটে মা ও ছেলে নিহত হয়েছে। এ ছাড়া অন্যান্য স্থানে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে আরো তিনজনের।

ধুনট (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ি সেতুর পূর্ব পাশে মালবাহী ট্রাকের ধাক্কায় আটো ভ্যানের যাত্রী রেবেকা খাতুন (২৬) ও তার কোলে থাকা চার বছরের ছেলে হুজাইফা নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রেবেকা খাতুন তার ছেলেকে নিয়ে ধুনট থেকে অটোভ্যানে বথুয়াবাড়ি গ্রামে যাচ্ছিলেন। ধুনট শেরপুর সড়কের বথুয়াবাড়ি সেতুর পূর্বপাশে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আটোভ্যানকে ধাক্কা দিলে যাত্রী রেবেকা খাতুন ও তার কোলে থাকা ছেলে সন্তান ঘটনাস্থলেই নিহত হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেছে।

ধুনট থানার এসআই হারুনার রশিদ জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মা ও ছেলের উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেছে।

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোতালেব হোসেনে (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ও আহত হয়েছে আরো তিনজন অটোরিকশা যাত্রী। আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বিকেলে ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রানীনগর আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর হিন্দুপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোতালেব হোসেন জেলার রানীনগর উপজেলার খট্টেশর গ্রামের মৃত বরকত উল্লাহর ছেলে।

আহতরা হলেন- সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মণ্ডলপাড়ার জেরিন (২০) ও পিরোজপুর পশ্চিমপাড়া গ্রামের মালেকা বেওয়া (৫০) এবং কুষ্টিয়া জেলার কুমারখালীর আজগর হোসেন (৩১)।

নওগাঁ-রানীনগর আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর হিন্দুপাড়া নামক স্থানে ট্রাকটি প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার নিচে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক মোতালেব হোসেনে মারা যান। এ ছাড়াও অটোরিকশায় থাকা আরো তিনজন যাত্রী আহত হোন।

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরে নাজিরপুরে ধান বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রতন মজুমদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের ডাকাতিয়া নামক স্থানে ঢাকাগামী বাসের ধাক্কায় রতনের মৃত্যু হয়। রতনের মৃত্যুর বিষয়টি নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন-অর-রশীদ হাওলাদার নিশ্চিত করেছেন।

রতন মজুমদার (৫০) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত রবিন্দ্র মজুমদারের ছেলে। এ সময় রতন মজুমদারের সাথে সজল নামের তার এক নাতি ছিল। পেশায় তিনি একজন টমটম চালক ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হুমায়ূন কবির জানান, মাগরিবের নামাজের পরে ঘটনাটি ঘটেছে। রতন ও তার সাথে থাকা একজন টমটমে করে মাটিভাঙ্গা থেকে নাজিরপুরের দিকে আসছিল এ সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই রতনের মৃত্যু হয়।

ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটিতে ট্রলির ধাক্কায় লিমা আক্তার (৩০) নামে নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

সোমবার উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের লক্ষণকাঠি এলাকায় বরিশাল -ঝালকাঠি মহাসড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।

নিহত লিমা আক্তার ইশ্বরকাঠি এলাকার ব্যবসায়ী রাজু মল্লিকের স্ত্রী। তাদের পাঁচ বছর ও দুই বছর বয়সী দুই সন্তান রয়েছে।

নিহত লিমার ভাসুর ইউপি সদস্য পারভেজ মল্লিক জানান, বাড়ি থেকে মোটরসাইকেলে ঝালকাঠি যাওয়ার সময় পিছন থেকে ট্রলি ধাক্কা দেয়। ওদের ধাক্কা দিয়ে একটা নৌবাহিনীর গাড়িকেও ধাক্কা দেয় ট্রলিটি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।