সুদানের গৃহযুদ্ধে বিস্ফোরক সরবরাহের অভিযোগ

ভারতীয় সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Printed Edition

হিন্দুস্থান টাইমস

সুদানের ভয়াবহ গৃহযুদ্ধে বিস্ফোরক সরবরাহের অভিযোগে ভারতের নাগপুরভিত্তিক শিল্প প্রতিষ্ঠান ‘এসবিএল এনার্জিস লিমিটেড’ এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা অলোক চৌধুরীর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, সংস্থাটির তৈরি বিস্ফোরক সুদানের সামরিক বাহিনীর হাতে পৌঁছেছে, যা দীর্ঘস্থায়ী এই সঙ্ঘাতকে আরো উসকে দিয়েছে। তবে ভারতের এই প্রতিষ্ঠানটি তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) শুক্রবার সুদানের গৃহযুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের দায়ে আটটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। মার্কিন প্রশাসনের অভিযোগ, নাগপুরের এই সংস্থাটি সুদানের ‘টার্গেট মাল্টিঅ্যাক্টিভিটিজ কোম্পানি লিমিটেড’ (টিএমএসি)-কে বিপুল পরিমাণ বিস্ফোরক সরবরাহ করেছে। ওয়াশিংটনের দাবি, টিএমএসি মূলত সুদানের প্রতিরক্ষা শিল্পের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিজ সিস্টেম’-এর আওতাভুক্ত, যা সুদানের সেনাবাহিনীর বোমা তৈরির কাজে ব্যবহৃত হয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগের ভাষ্যমতে, ২০২৪ সাল থেকে এসবিএল এনার্জি ২০০টিরও বেশি চালানের মাধ্যমে সুদানে বিস্ফোরক পাঠিয়েছে, যা বিশ্বব্যাপী মানবিক সঙ্কটকে আরো গভীর করেছে।

সুদানের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস’-এর মধ্যে রক্তক্ষয়ী সঙ্ঘাতে রূপ নিয়েছে। সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর মধ্যকার ক্ষমতার দ্বন্দ্বে ইতিমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এমন সঙ্কটময় সময়ে ভারতের একটি বেসরকারি সংস্থার নাম আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় আসায় কূটনৈতিক ও বাণিজ্যিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসবিএল এনার্জি জানিয়েছে, তারা যাবতীয় নথিপত্রসহ মার্কিন ট্রেজারি বিভাগের কাছে নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে।