রাবিতে ভর্তিযুদ্ধে ভেতরে লড়ছে সন্তান বাইরে প্রার্থনায় অভিভাবকরা
Printed Edition
রাবি প্রতিনিধি
দীর্ঘ এক যুগের লালিত স্বপ্ন আর কঠোর পরিশ্রমের ফসল ঘরে তোলার লক্ষ্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। গতকাল শুক্রবার ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া এই ভর্তিযুদ্ধে ক্যাম্পাসে সমাগম ঘটেছে হাজারো পরীক্ষার্থী ও অভিভাবকের। তবে কেন্দ্রের ভেতরে শিক্ষার্থীরা পরীক্ষা দিলেও বাইরে অপেক্ষারত অভিভাবকদের চোখে-মুখে ছিল উৎকণ্ঠা; যা দেখে মনে হচ্ছিল ভর্তি পরীক্ষা যেন শিক্ষার্থীরা নয়, অভিভাবকরাই দিচ্ছেন।
সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন, প্যারিস রোড, কেন্দ্রীয় শহীদ মিনার, লাইব্রেরি ও পরিবহন চত্বরসহ ক্যাম্পাসের প্রতিটি কোণায় অভিভাবকদের ভিড়। শীতের সকালে কনকনে ঠাণ্ডা বাতাস উপেক্ষা করে কেউ ঘাসের ওপর মাদুর বিছিয়ে, কেউ গাছের নিচে পত্রিকা পেতে অধীর আগ্রহে সন্তানের জন্য অপেক্ষা করছেন। অনেক অভিভাবককে দেখা গেছে সন্তানের সাফল্য কামনায় তসবিহ পাঠ বা পবিত্র কুরআন তেলাওয়াত করতে।
ময়মনসিংহ থেকে আসা অভিভাবক মনসুর আলী বলেন, ‘সারারাত জার্নি করে সকালে পৌঁছেছি। মেয়েটা ক্লান্ত, তবুও পরীক্ষা দিচ্ছে। জানি না পরীক্ষা কেমন হবে, খুব দুশ্চিন্তায় আছি।’ দিনাজপুর থেকে আসা আরেক বাবা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘একমাত্র ছেলের পরীক্ষা। সে কেন্দ্রে যাওয়ার পর থেকে মনে হচ্ছে আমি নিজেই পরীক্ষায় বসেছি।’
পাবনা থেকে আসা অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর আবদুস সোবহান হোসেন প্রশাসনের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘ছেলের প্রস্তুতি ভালো, তবুও প্রার্থনা করছি, যেন সে তার পছন্দের জায়গায় পড়ার সুযোগ পায়।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এবার তিনটি ইউনিটে মোট দুই লাখ ৭২ হাজার ৬২৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ‘সি’ ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ২২৫ জন। আগামীকাল ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এই ভর্তি কার্যক্রম। যানজট নিরসন ও পরীক্ষার্থীদের সহায়তায় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইনকৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল।