ঢাবিতে ৪ দিনব্যাপী বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল শুরু
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চার দিনব্যাপী ‘বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল ২০২৫’ মঙ্গলবার শুরু হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর আয়োজনে এবং দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি), ঢাবির বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং দ্য ফেয়ারফ্যাক্স ইনস্টিটিউটের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হচ্ছে।
উইন্টার স্কুলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। বক্তব্য রাখেন সাবেক ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ফজলে এলাহি, বিআইআইটির মহাপরিচালক প্রফেসর ড. এম. আবদুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: আবু সায়েম, বিআইআইটির একাডেমিক ফেলো ও নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের শিক্ষক ড. মুমতাহিনা, বিআইআইটির ডেপুটি ডিরেক্টর ড. সৈয়দ শহীদ আহমেদ।
প্রথম দিনব্যাপী বিভিন্ন সেশনে বক্তব্য দেন দেশী-বিদেশী খ্যাতিমান একাডেমিশিয়ান ও চিন্তাশীল ব্যক্তিত্বরা। ‘ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশন অ্যান্ড ইন্টিগ্রেশন অফ নলেজ’ বিষয়ে আইআইআইটির সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. ওমর হাসান কাসুলি সিনিয়র; ‘দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল’ বিষয়ে দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান; ‘নলেজ, এডুকেশন অ্যান্ড সিভিলাইজেশন’ বিষয়ে প্রফেসর ড. এম. আবদুল আজিজ এবং ইউনিভার্সিটি অব সারাযেভোর প্রফেসর ড. আহমেদ আলিবাসিচ ‘সেক্যুলারিজম, ইম্পেরিয়ালিজম অ্যান্ড মডার্নিজম’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন ।
উইন্টার স্কুলের আয়োজকরা জানান, চার দিনের এ উইন্টার স্কুল তরুণ গবেষকদের মধ্যে সমন্বিত জ্ঞানচর্চা, চিন্তাশীলতা এবং ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের সাথে আধুনিক জ্ঞানের সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে। এ বছর ২৫০টির বেশি আবেদন থেকে বাছাই করা ৭০ জন স্নাতকোত্তর শিক্ষার্থী, তরুণ গবেষক ও পেশাজীবীরা এতে অংশ নিয়েছেন। বিজ্ঞপ্তি।