‘আমরা জানি আমাদের কী করতে হবে’
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রামে আজ শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটি। একই মাঠে ২৯ এপ্রিল হবে দ্বিতীয় টি-২০। তৃতীয় টি-২০ হবে মিরপুরে ২ মে। সবশেষ বাংলাদেশ টি-২০ খেলেছে গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। সাগরিকায় টি-২০-এর আগে গতকাল প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক লিটন দাস। নিজের পারফরম্যান্স এবং দলের আদর্শ উদ্দেশ্য নিয়ে জানালেন অনেক কিছু।
ব্যাটিং এবং অধিনায়কত্ব নিয়ে মাঝেমধ্যে সমালোচনা হলেও উইকেটরক্ষক হিসেবে বেশ সুনাম আছে লিটন কুমার দাসের। সব সংস্করণে গ্লাভস হাতে নিজেকে প্রমাণ করেছেন। এই ভূমিকায় তার ওপর পুরো ভরসা টিম ম্যানেজমেন্টের। উইকেটের পেছনে দাঁড়ানোর ভালো অভিজ্ঞতা হওয়ায় এখন নিজের কাজ সম্পর্কে ধারণা হয়ে গেছে লিটনের। নিজের উইকেটকিপিং নিয়ে লিটন বলেন, ‘এটা বলতে পারব না সেরা ফর্মে (উইকেটরক্ষক হিসেবে) আছি কি না। কিন্তু যেহেতু তিনটা সংস্করণেই কিপিং করছি, তো ধারণা একটু বেশি হয়ে গেছে। আগে যখন খেলতাম টি-২০তে ফিল্ডিং করতাম, ওয়ানডেতে ফিল্ডিং করতাম, টেস্টে কিপিং করতাম। এখন যখন জায়গাটা জানি যে আমার ভূমিকা কী, চেষ্টা করি নিজের শতভাগ দেয়ার জন্য।’
সবশেষ দু’টি ওয়ানডে সিরিজে রানে ফিরেছেন লিটন। টি-২০ সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি, ‘ব্যাটিংয়ে একটা ভালো জিনিস যে সবশেষ দুইটা সিরিজে হয়তো বড় রান হয়নি; কিন্তু অনেকক্ষণ উইকেটে সময় কাটাতে পেরেছি। আপনি উইকেটে যত সময় কাটাবেন আপনার কাছ থেকে রান আসবে। এখন সংস্করণটা ভিন্ন, চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখতে। টি-২০ সংস্করণে আক্রমণাত্মক মানসিকতা আনতে হবে। হয়তো অনেক সময় ব্যাটিংয়ে ব্যর্থ হতে পারেন। টি-২০তে এই জিনিসটা মেনে নিতে হবে যে, আপনি সফল কিংবা ব্যর্থ দু’টাই হতে পারেন।’
পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিডলঅর্ডারে ব্যাটিং করেছেন লিটন। টি-২০তে ওপরে উঠে আসতে হবে তাকে। সংস্করণ আলাদা হওয়ায় এই পরিবর্তন তেমন কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেন লিটন, ‘আমি আগেও বলেছি সংস্করণ মানসিকতা বদলাতে হয়। টেস্ট যখন খেলি তখন ৬-এ ব্যাটিং করি, সেটা আলাদা সংস্করণ। ওয়ানডেতে এখন আমাকে টিম থেকে একটা ভিন্ন ভূমিকা দিয়েছে। তাই চেষ্টা করেছি আমার ভূমিকা পালন করতে। টি-২০ সংস্করণে আমি আমার ভূমিকাটা জানি। তাই খুব একটা সমস্যা হবে না।’
মোস্তাফিজের গ্যাপ পূরণ করা কঠিন
ওয়ানডেতে বাংলাদেশের হ্যাটট্রিক সিরিজ জয়েও মোস্তাফিজের অবদান অপরিসীম। সংবাদ সম্মেলনে লিটন জানান, ‘মোস্তাফিজ তো মোস্তাফিজই। তার গ্যাপ পূরণ করা কঠিন। যেদিন মোস্তাফিজ খেলবে না, কোনো কারণে চোটে পড়লে কাউকে তো খেলতে হবে।’ এরপর সাকলাইন সম্পর্কে বলেন, ‘সাকলাইন আমার চোখে অলরাউন্ডার। বিপিএলে ভালো খেলেছে। এ কারণেই দলে আসা। চেষ্টা করব তাকে দলের সাথে রেখে আরো উন্নত করা।’
সিরিজটি রোমাঞ্চকর হবে : লাথাম
ওয়ানডে সিরিজ হারের ব্যাথা না ভুলতেই এবার টি-২০ সিরিজে মাঠে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড দল। তার আগে গতকাল চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আসেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। সেখানে জানিয়েছেন রোমাঞ্চকর সিরিজের কথা। আইপিএল, পিএসএলের কারণে মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল, রাচীন রবীন্দ্র, গ্লেন ফিলিপসদের মতো প্রথম সারির ক্রিকেটারদের নিয়ে আসতে পারেনি নিউজিল্যান্ড। ওয়ানডে, টি-২০ দুই সিরিজেই কিউইদের অধিনায়ক টম লাথাম। তিনি আন্তর্জাতিক টি-২০তে ২৯ ম্যাচ খেলেছেন। লাথাম বলেন, ‘ওয়ানডে এক ফরম্যাটের খেলা আর টি-২০ ভিন্ন ধাচের। একসাথে মেলানো যাবে না। ওয়ানডেতে হোচট খেয়েছি, টি-২০ তে ঘুরেও দাঁড়াতে পারি। ওয়ানডেতে কিন্তু প্রথম ম্যাচে জিতেছিলাম। এর অর্থ আমাদেও সেই সামর্থ্য আছে। আমাদের কাছে থাকা ফুটেজ থেকে আমরা দ্রুততম সময়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। তবে মাঝমাঠে গিয়ে একে অপরের সাথে দ্রুত যোগাযোগ করাটাও খুব জরুরি। আমি মনে করি, এটি দুই দলের জন্যই রোমাঞ্চকর হবে। আমাদের দলেও এমন কিছু খেলোয়াড় আছে যারা খুব বেশি খেলেনি, তেমনি বাংলাদেশ দলেও এমন খেলোয়াড় আছে- যাদের এখনো অভিষেক হয়নি।’