মাদুরোর মামলা চালাতে পারবে ভেনিজুয়েলা সরকার

Printed Edition

আলজাজিরা

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান মামলায় আইনি খরচ বহনের সুযোগ দিতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ফলে নিউইয়র্কে মাদক পাচারের অভিযোগে দায়ের হওয়া ফেডারেল মামলায় মাদুরোর প্রতিরক্ষার ব্যয় বহন করতে পারবে ভেনিজুয়েলা সরকার।

গত ফেব্রুয়ারিতে মাদুরোর আইনজীবী ব্যারি পোল্যাক ম্যানহাটানের মার্কিন জেলা আদালতে বিচারক অ্যালভিন হেলারস্টেইনের কাছে মামলা খারিজের আবেদন করেন। তিনি যুক্তি দেন, নিষেধাজ্ঞার কারণে সরকারকে আইনি খরচ বহনে বাধা দেয়া হলে মাদুরোর নিজের পছন্দের আইনজীবী পাওয়ার সাংবিধানিক অধিকার ক্ষুণœ হয়।

পরে মার্কিন বিচার বিভাগ আদালতে জানায়, তারা নিষেধাজ্ঞা সংশোধনে রাজি হয়েছে, যাতে ভেনিজুয়েলা সরকার প্রতিরক্ষা আইনজীবীদের পারিশ্রমিক দিতে পারে। এই পরিবর্তনের পর মামলাটি খারিজের আবেদনকে ‘অপ্রাসঙ্গিক’ বলে উল্লেখ করে তারা। তবে নিউইয়র্কে মাদুরোর বিচারপ্রক্রিয়া নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে। সমালোচকদের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় তাকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ভেনিজুয়েলা থেকে ধরে আনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অনেক আইন বিশেষজ্ঞও এই ঘটনাকে আন্তর্জাতিক আইন অবমাননা হিসেবে দেখছেন।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বরাবরই বলছে, এটি ছিল একটি বৈধ আইন প্রয়োগকারী অভিযান। তাদের মতে, বিতর্কিত নির্বাচনের কারণে মাদুরোকে ভেনিজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয় না যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আইনে ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানদের সাধারণত বিদেশী আদালতের বিচার থেকে অব্যাহতি দেয়ার বিধান থাকলেও, এই ক্ষেত্রে তা প্রযোজ্য নয় বলেই দাবি তাদের।

বর্তমানে মাদুরো ও ফ্লোরেস নিউইয়র্কের ব্রুকলিনে আটক রয়েছেন এবং নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। মাদুরোর দাবি, এসব অভিযোগ ভেনিজুয়েলার প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অজুহাত মাত্র। এদিকে ট্রাম্প বারবার বলেছেন, তিনি চান বিদেশী কোম্পানিগুলো দেশটির তেলসম্পদে প্রবেশাধিকার পাক।