ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে গণ অধিকারের মনোনয়নপত্র উত্তোলন
Printed Edition
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো: মাহমুদুল হাসানের কাছ থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহকালে গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি মেহেদী হাসান, সহসভাপতি ফরিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম, কেন্দ্রীয় নেতা দুলাল আল মাইজ বাণ্ডারি, সহসভাপতি মুতালিব মাস্টারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো: মাহমুদুল হাসান বলেন, এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপি থেকে চারজন, গণ অধিকার পরিষদ থেকে একজন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে একজনসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু বলেন, আমার দলের নেতাকর্মীরা মনোনয়ন ক্রয় করেছে। আমি আশাবাদী জণগণ আমাকে মূল্যায়ন করবে। আমি নির্বাচিত হলে নবীনগরকে মডেল ও দুনীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত করব ইনশাআল্লাহ।