সরকার ও বিরোধী দল মিলেমিশে কাজ করতে চাই : ডা: শফিক

Printed Edition
first-3
ন্যাশনাল শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে ডক্টরস ফোরামের ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ডা: শফিকুর রহমান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

মানুষের কল্যাণে সরকার ও বিরোধী দল মিলেমিশে কাজ করবে বলে আশা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান। মহান আল্লাহর কাছে তৌফিক চেয়েছেন এই বলে যে, তারা সবাই যেন জনগণের খেদমত করতে পারেন। জামায়াত সমর্থিক চিকিৎসক সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। গতকাল মঙ্গলবার শাহবাগের আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এনডিএফের সভাপতি অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম। এনডিএফ সেক্রেটারি অধ্যাপক ডা: মাহমুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতারপূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, এনসিপির চিকিৎসক সংগঠনের ডা: জাহিদুল ইসলাম। এনডিএফের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ডা: এ কে এম ওয়ালীউল্লাহ, অধ্যাপক ডা: সাজিদ আব্দুল খালেক, সাবেক সেক্রেটারি অধ্যাপক ডা: এন এ কামরুল আহসান, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এনডিএফের সভাপতি ডা: মো: আতিয়ার রহমান, ডা: এমজি ফারুক প্রমুখ।

ডা: শফিকুর রহমান উপস্থিত চিকিৎসকদের উদ্দেশে বলেন দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী। একটা নির্দিষ্ট সময় পর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই ক্ষণস্থায়ী জীবনে স্বচ্ছতা, বিবেক বোধ ও দায়বোধ থেকে মানুষের সেবা করার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমরা সবাই পরস্পরের ভাই, সবাই মিলেই দেশটাকে সুন্দর করতে চাই। পরিশেষে তিনি সবার কল্যাণ কামনায় দোয়া করে তার বক্তব্য শেষ করেন।

মাওলানা আব্দুল হালিম চিকিৎসকদের সামনে কুরআন ও হাদিস থেকে রোজার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেন। তিনি বলেন, সারাদিন না খাওয়ার ফলে রোজারের মুখে যে গন্ধ হয় মেশক আম্বারের ঘ্রাণের চেয়ে বেশি সুঘ্রান পান আল্লাহ তায়ালা। এ ছাড়া ইফতারের সময় দোয়া কবুল হয়ে থাকে। রোজার সওয়াব আল্লাহ নিজে দেবেন, রোজারদারের জন্য ইফতার পর্যন্ত ফেরেস্তারা দোয়া এবং শয়তানদের রশি দিয়ে বেঁধে রাখা হয় রমজান মাসে।

ডা: জাহিদুল ইসলাম বলেন, আমরা রাস্তা থেকে এসেছি, রাস্তার আন্দোলনের ঘটানো সফল বিপ্লবের ফসল বর্তমান সরকার। কিন্তু আজ জুলাই বিপ্লবকে কোর্ট-কাচারিতে নিয়ে যাওয়া হয়েছে। ডা: জাহিদ বলেন, কোর্টের সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র চলবে না, চালানো যাবে না। সংসদকে কার্যকর করে রাষ্ট্র চালাতে হবে।