প্রবাসীদের অনলাইন সভা

জুলাই সনদ বাস্তবায়ন পবিত্র ওয়াদা, অবহেলার সুযোগ নেই : এনসিপি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কোনো সাধারণ আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি একটি ‘পবিত্র ওয়াদা’। এই অঙ্গীকারকে আইনের ভাষায় বিবৃত করা হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, আদেশে শাস্তির বিধান না থাকায় সরকার এটি বাস্তবায়নে টালবাহানা করছে।

জুলাই সনদ ও গণভোটে জনরায় বাস্তবায়নে বর্তমান সরকারের টালবাহানার প্রতিবাদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত প্রবাসীদের এক অনলাইন প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ সভায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন। সভায় আরো বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার, কমিটির সদস্য ইশতিয়াক আকিব এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।

সংস্কার বাস্তবায়ন কমিটির প্রধান আখতার হোসেন বলেন, গণভোটে প্রবাসীরা বিপুলভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন। এমনকি অনেক আসনে বিজয়ীরা প্রবাসীদের ভোটেই জয়লাভ করেছেন। তিনি অভিযোগ করেন, বিএনপি ঐকমত্য কমিশনে সনদের প্রতিটি পয়েন্ট খুঁটিয়ে দেখেছে এবং এর পেছনে তাদের অসততা ছিল। তিনি আরো উল্লেখ করেন, কোনো সংসদ সদস্য যদি একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তবে তার সদস্যপদ বাতিলের বিধান থাকা উচিত ছিল।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, শহীদ ও আহতদের স্বপ্ন বাস্তবায়নে আমরা নতুন বাংলাদেশের পথে হাঁটছি। বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব করে আমাদের রাজপথে নামাতে ও ক্লান্ত করতে বিভিন্ন ফাঁদ তৈরি করছে, যাতে পা দেয়া যাবে না।

দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রবাসীদের উদ্দেশে বলেন, আপনারা কেবল রেমিট্যান্স যোদ্ধা নন, রাজনীতিরও অবিচ্ছেদ্য অংশ। সরকারের মন্ত্রী-এমপিরা বিদেশে যেখানেই যাবেন, সেখানেই তাদের জবাবদিহিতার আওতায় আনুন। তিনি অভিযোগ করেন, বিএনপি প্রথম দিন থেকেই প্রতারণার আশ্রয় নেয়ায় সাধারণ মানুষের তাদের ওপর থেকে দ্রুত মোহভঙ্গ হয়েছে।

আলোচনায় ফাহিম মাশরুর বিএনপি নেতাদের সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেয়ায় হতাশা প্রকাশ করেন এবং এর পেছনে কোনো সাম্রাজ্যবাদী শক্তির ইন্ধন থাকতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালির আহ্বায়ক রাসেল মুহাম্মাদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা ইশতিয়াক আকিব, মনিরা শারমিন, সাইফ ইবনে সারোয়ার, নাজমুল বাশার, ইফতেশাম চৌধুরী, আজওয়াদ হায়দার, উল্লাস জায়েদ ও ওমর ঢালী। কারিগরি ব্যবস্থাপনায় ছিলেন সৌদি আরব থেকে আবু সাঈদ।