চট্টগ্রামে বাবার মামাতো ভাইয়ের পরিকল্পনায় শিশু জান্নাত অপহরণ গ্রেফতার ৩

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত ৭ বছর বয়সী শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির বাবা মোহাম্মদ দেলোয়ার জানান, অপহরণকারীদের মধ্যে গ্রেফতার মো: ফয়সাল তার আপন মামাতো ভাই।

গ্রেফতার অন্যরা হলো- মো: রাকিব (২২) ও মো: জাহাঙ্গীর আলম (৫৫)। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সরফভাটা ইউনিয়নের বালুরটাল এলাকার একটি ভবন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মোহাম্মদ রাসেল। পুলিশ জানায়, পশ্চিম সরফভাটা ইমাম আজম আবু হানিফা (রহ:) স্কুলের নার্সারি শ্রেণীর শিক্ষার্থী জান্নাত গত ২০ জুলাই সকালে বিদ্যালয়ে যায়। স্কুল ছুটির পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এরই মধ্যে শিশুটির এক সহপাঠীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পান পরিবারের সদস্যরা।