লালদীঘি ময়দানে ৮ দলের আজকের জনসভা সফল করার আহ্বান
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে ৮ দলের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ আজ জুমাবার বেলা ২টায় ঐতিহাসিক লালদীঘির ময়দানে অনুষ্ঠিত হবে।
সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মী ও চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ৮ দলের নেতৃবৃন্দ।
সমাবেশে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চানসহ নেতৃবৃন্দ।
৮ দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সমাবেশ শুধু লালদীঘির ময়দানেই সীমাবদ্ধ থাকবে না। লালদীঘির ময়দান ছাড়িয়ে কোতোয়ালি মোড়, নিউমার্কেট মোড়, রাইফেল ক্লাব, শহীদ মিনার, সিনেমা প্যালেস, লালদীঘির উত্তর পাড়, আন্দরকিল্লা মোড়, সিটি করপোরেশন চত্বর, শাহ আমানত মাজার ও আনসার ক্লাবসহ আশপাশের বিশাল এলাকা লোকে লোকারণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ।