শামস সুমনের সুরে তিন গানে ফাহমিদা নবী

Printed Edition
bino-2
শামস সুমনের সুরে তিন গানে ফাহমিদা নবী

বিনোদন প্রতিবেদক

প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শামস সুমন সাধারণত গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এর আগে অবশ্য নিজের জন্য গানের সুরও করেছিলেন তিনি। তবে এবারই প্রথম তিনি বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর জন্য একসাথে তিনটি গানের সুর করেছেন। গান তিনটির শিরোনাম হলো- ‘দুঃখের দলিল’, ‘আসল না বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’। তিনটি গানই লিখেছেন গোলাম মোর্শেদ। তিনটি গানেরই সঙ্গীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। মূলত গোলাম মোর্শেদই এই তিনটি গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন। হঠাৎ ফাহমিদা নবীর জন্য একসাথে তিনটি গানের সুর করা প্রসঙ্গে শিল্পী, সুর¯্রষ্টা শামস সুমন বলেন, ‘মূলত শ্রদ্ধেয় গোলাম মোর্শেদ ভাইও তিনটি গান প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছেন। মোর্শেদ ভাই ও ফাহমিদা আপা দীর্ঘ ২৫ বছর একসাথে কাজ করেন। মোর্শেদ ভাই নিজেই ফাহমিদা আপাকে আমার একটি সুর করা গান শোনান। আপার তা ভালো লাগে। পরে আরো দু’টি গান শোনালে সেগুলোও আপার পছন্দ হয়। যে কারণে তিনটি গানই ফাহমিদা গাইলেন। গত কয়েক মাসে তিনটি গানের কাজ সম্পন্ন হয়। এরই মধ্যে গানগুলোর মিউজিক ভিডিওর কাজও শেষ।’ তিনটি গানই ফাহমিদা নবীর একক গান। ফাহিমদা নবী বলেন, ‘সুমন খুব ভালো সুর করে। তার সুরের মধ্যে নাইনটিজের একটি সিগনেচার আছে, যা আমাকে খুব আকৃষ্ট করেছে। সুমন খুব ভালো মনের মানুষ এবং তার সুরের মধ্যে ভীষণ আবেগ আছে, যা শিল্পীকে ভীষণ স্বাচ্ছন্দ্যে পরম ভালোলাগা নিয়ে গাইতে উদ্বুদ্ধ করে। আমি সত্যিই সুমনের সুরের মূর্ছনায় এই তিনটি গানেই যেন শব্দে শব্দে সুরে সুরে সুরের সাগরে ডুবে গিয়েছি। গীতিকারও প্রতিটি গানই এক কথায় মনে গেঁথে থাকার মতোই লিখেছেন। তিনটি গান নিয়েই আমি ভীষণ আশাবাদী।’ গোলাম মোর্শেদ জানান, ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে গানগুলো শিগগিরই প্রকাশ পাবে। তিনটি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক। এদিকে আজ ফাহমিদা নবীর জন্মদিন। জন্মদিনে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন তিনি সুস্থ থাকেন ভালো থাকেন এবং আরো ভালো ভালো গান সবাইকে উপহার দিতে পারেন।