৬১ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সারা দেশে একযোগে একই দিনে অনুষ্ঠিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষার জন্য ২ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে। সূত্র জানায় সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা কখন শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। গতকাল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন করতে ইতোমধ্যে প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি নেয়া শুরু হয়েছে বলে জানা যায়। ডিপিই সূত্র জানায়, প্রথম ধাপের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। দ্বিতীয় ধাপের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো ঢাকা ও চট্টগ্রাম। সংশ্লিষ্ট বিভাগ ও জেলার বিস্তারিত তালিকা এবং পরীক্ষার সময়সূচি শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিক শিক্ষা অধিদফতর সে সম্ভাবনা নাকচ করে দিয়েছে। প্রসঙ্গত, গত ৫ নভেম্বর প্রথম ধাপের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সঙ্কট নিরসনে এ উদ্যোগ নেয়া হয়।