সংবর্ধনা পেলেন ফুটসাল জয়ীরা

Printed Edition
Sports-1
থাইল্যান্ড থেকে ফুটসাল শিরোপা জয় করে দেশে আসার পর বিমানবন্দরে খেলোয়াড়দের স্বাগত জানিয়েছে ফুটবল ফেডারেশন : বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম সাফ চ্যাম্পিয়ন হয়। তখন ফুটবলার সানজিদা আক্তারের স্ট্যাটাসের প্রেক্ষিতে ছাদ খোলা বাসের ব্যবস্থা হয়েছিল। ২০২৪ সালে আবার চ্যাম্পিয়ন হওয়ার পরও সাবিনারা ছাদ খোলা বাসে এসেছিলেন। এবার থাইল্যান্ডে ফুটসাল চ্যাম্পিয়ন হওয়ার পরও একই সম্মাননা পেলেন তারা। ছাদ খোলা বাস হাতিরঝিলের এম্পিথিয়েটারে পৌঁছানোর পর রাতে সেখানে তাদের সংবর্ধনা দেয়া হয়।

পুরুষ দলের খেলা শেষ হওয়ার এক দিন পরই গতকাল থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাবিনারা। গত বছর ঋতুপর্ণারা মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপে ওঠার পর গভীর রাতে হাতিরঝিলে সংবর্ধনা দিয়েছিল বাফুফে। অথচ ফুটবলাররা কোনো আর্থিক প্রণোদনা পাননি। এমনকি ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়ায় ফেডারেশনের ঘোষিত দেড় কোটি টাকাও তারা পাননি।

থাইল্যান্ডে ফুটসালে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে, ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র, নেপালকে ৩-০ গোলে, শ্রীলঙ্কাকে ৬-৩ গোলে, পাকিস্তানকে ৯-১ গোলে, শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে শিরোপা জয় করে বাংলাদেশ। ১৪ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুন।