সমস্যায় জর্জরিত সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমি

Printed Edition

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমি (এসএমআই একাডেমি) নানা সমস্যায় জর্জরিত। স্থানীয় শিক্ষানুরাগী মজিবর রহমান তালুকদারের উদ্যোগে ১৯৪২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় ১৯৮০ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে দোতলা একটি ভবন ও কয়েকটি টিনশেড কক্ষ রয়েছে- যেখানে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলছে ক্লাসের কার্যক্রম।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ভবনটির বহু স্থানের প্লাস্টার খসে পড়েছে, দরজা-জানালা নষ্ট হয়ে গেছে। টিনশেড শ্রেণিকক্ষে সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে। জরাজীর্ণ এই পরিবেশে ৫৬২ শিক্ষার্থীকে পাঠদান করছেন ১৮ শিক্ষক ও তিনজন চতুর্থ শ্রেণীর কর্মচারী।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মনিরুল ইসলাম রতন জানান, বহু বছর ধরে বিদ্যালয়ের উন্নয়ন হয়নি। চারতলা ভবনের জন্য বিভিন্ন দফতরে আবেদন করেও ফল মেলেনি। তিনি বলেন, শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে দ্রুত নতুন ভবন নির্মাণ জরুরি।

প্রধান শিক্ষিকা তাহমিনা বেগম বলেন, উপজেলায় নতুন প্রতিষ্ঠিত অনেক বিদ্যালয় ভবন পেলেও ৮৩ বছরের পুরনো এ বিদ্যালয় এখনো বরাদ্দ থেকে বঞ্চিত। নিয়মিত ক্লাস চালিয়ে গেলেও পর্যাপ্ত শ্রেণিকক্ষ, অফিস সহকারী, ল্যাব সহকারী ও অতিরিক্ত শিক্ষক প্রয়োজন।

বিদ্যালয়টি জরাজীর্ণ অবকাঠামোর কারণে প্রতিদিনই শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দ্রুত সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।