পাকিস্তানে আফগান ড্রোন ভূপাতিত

Printed Edition

আনাদোলু এজেন্সি

প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের পারদ এখন আকাশচুম্বী। গত মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশের আকাশসীমায় অনুপ্রবেশ করা আফগান নিরাপত্তা বাহিনীর চারটি ড্রোন নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

ইসলামাবাদের দাবি, সীমান্ত অঞ্চলে সক্রিয় সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলোকে মদদ দিতেই কাবুল এই উসকানিমূলক পদক্ষেপ নিয়েছে। এই ঘটনার পর তালেবান সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান জানিয়েছে, সার্বভৌমত্ব লঙ্ঘনের এমন চড়া মূল্য তাদের দিতে হবে। তবে পাকিস্তানের এই অভিযোগকে পুরোপুরি নাকচ করে দিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাবুলের মতে এটি পাকিস্তানের বিরুদ্ধে কোনো উসকানি ছিল না; বরং পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলে আস্তানা গাড়া উগ্রপন্থী গোষ্ঠী ‘দায়েশ’-এর আস্তানায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফল বিমান হামলা চালিয়েছে আফগান বিমান বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে কাবুল বলেছে, তাদের এই নিখুঁত ড্রোন অভিযানে বিপুলসংখ্যক সন্ত্রাসবাদী খতম হয়েছে।