সালাহ’র পরবর্তী গন্তব্য কী সৌদি?
Printed Edition
ক্রীড়া ডেস্ক
মিসরীয় ফুটবল তারকা মোহাম্মদ সালাহ সম্ভবত লিভারপুলে তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। ক্লাব ও কোচ নিয়ে বিরূপ মন্তব্য করে সর্বশেষ চ্যাম্পিয়ন লিগের দল থেকেও বাদ পড়েছেন। এর আগে ইংলিশ লিগে টানা তিন ম্যাচ সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয় তাকে। এরপর আর নিজের ধৈর্য্য ধরে রাখতে পারেননি এ ফরোয়ার্ড। ক্লাব তাকে ‘বলির পাঁঠা বানাচ্ছে’ এমন গুরুতর অভিযোগ তোলেন। কোচের সাথেও তার কোনো সম্পর্ক নেই বলে জানান। এর পরই বাদ দেয়া হয় চ্যাম্পিয়ন লিগের দল থেকে। অবশ্য সালাহকে ছাড়াই ইন্টারমিলানের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। তাই বলাই যায় লিভারপুলে অধ্যায় শেষ। এর মধ্যে মোহাম্মদ সালাহের পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। সূত্র জানায় সৌদি ক্লাবগুলোর নজর অনেক দিনে ধরেই সালাহের উপর। আল ইত্তিহাদ তাকে দলে নেয়ার জন্য বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল। সৌদি লিগে ৮ হাজার কোটি টাকা আয়ের সুযোগও ফিরিয়ে দিয়েছিলেন সালাহ।
গত এপ্রিলে লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করেন সালাহ। লিভারপুল প্রীতি তাকে লোভী বানাতে পারেনি। এখন অবশ্য সময় পরিবর্তন হয়েছে। সালাহের বর্তমান অবস্থানকে কাজে লাগাতে চাইছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী ওমর মুগারবেল তাদের আগ্রহের কথা জানিয়ে বলেছেন, সৌদি লিগে সালাহকে স্বাগত জানানো হবে। তিনি অবশ্যই একজন আগ্রহের কেন্দ্রে থাকা ফুটবলার। তবে আল খলুদ ক্লাবের চেয়ারম্যান বেন হারবর্গ বলেন, ৩৩ বছর বয়সী সালাহ এ লিগের সাথে মানানসই নন। তার পরিবর্তে আমি ২৫ বছর বয়সী কোনো তরুণকে সুযোগ দেয়াতে আগ্রহী।