ইনজুরির ভাগ্যে সেমিফাইনালে জোকোভিচ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনে আরো একটি ইতিহাস গড়ার পথে টিকে থাকলেন নোভাক জোকোভিচ। চতুর্থ রাউন্ডের পর কোয়ার্টার ফাইনালেও প্রতিপক্ষের চোটের কারণে অপ্রত্যাশিতভাবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সার্বিয়ান এই কিংবদন্তি। ইতালির লরেঞ্জো মুসেত্তি প্রথম দুই সেট জয়ের পর তৃতীয় সেটে এসে ইনজুরির কারণে ম্যাচ থেকে সরে যান। ফলে ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ীর নিশ্চিত হয় শেষ চারের টিকিট।

ম্যাচের শুরুতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল মুসেত্তির হাতে। প্রথম দুই সেটে ৬-৪, ৬-৩ ব্যবধানে জয়। যখন সেমিফাইনালের খুব কাছে, তখনই হঠাৎ চোটে পড়েন ২৩ বছর বয়সী এই ইতালিয়ান। তৃতীয় সেটের শুরুতে উরুর সমস্যায় ভুগতে দেখা যায় তাকে। চিকিৎসা নেয়ার পরও স্বাভাবিকভাবে চলাফেরা ও সার্ভ করতে না পারায় ৩-১ গেমে পিছিয়ে পড়ার পর ম্যাচ থেকে সরে দাঁড়ান এ তরুণ।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার অনুভূতি প্রকাশ করার মতো ভাষা নেই। দ্বিতীয় সেটের শুরু থেকেই ব্যথা বাড়ছিল। আর তা কমছিল না।’