থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন নিহত ২২ এএফপি
Printed Edition
ব্যাংকক থেকে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রদেশে যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। থাইল্যান্ডের পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। নাখোন রাতচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান থাচাপোন চিন্নাওং এএফপিকে জানান, ‘এ ঘটনায় ২২ জন নিহত হয়েছেন এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।’
পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ট্রেনটি থাইল্যান্ডের উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে নির্মাণাধীন একটি উচ্চগতির রেল প্রকল্পে ব্যবহৃত ক্রেন হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনের একটি বগির ওপর আছড়ে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।