কঙ্গোতে এম২৩’র অগ্রযাত্রা অব্যাহত
Printed Edition
এএফপি
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহী গোষ্ঠী শনিবারও অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এ দিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, দেশটির মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তি চুক্তি লঙ্ঘন করায় এম২৩-এর রুয়ান্ডা-সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শীর্ষ মার্কিন কূটনীতিক মার্কো রুবিও বলেছেন, গত সপ্তাহে ওয়াশিংটনে ডিআর কঙ্গোর সাথে স্বাক্ষরিত চুক্তিটি রুয়ান্ডা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। এটি ছিল খনিজসমৃদ্ধ কঙ্গোর পূর্বাঞ্চলকে বিপর্যস্ত করে তোলা তিন দশকব্যাপী সঙ্ঘাত অবসানের সর্বশেষ প্রচেষ্টা।
গত ৪ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তিটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘একটি অলৌকিক ঘটনা’ আখ্যায়িত করেছিলেন। মাত্র কয়েক দিন পরই রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বুরুন্ডি সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ সীমান্ত শহর উভিরা দখল করে নেয়, যা সঙ্ঘাতটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়ার আশঙ্কা বাড়িয়ে তোলে। কয়েক লাখ মানুষের শহর উভিরা দখলের মাধ্যমে এম২৩ বুরুন্ডির সাথে স্থলসীমান্তের নিয়ন্ত্রণ নেয় এবং প্রতিবেশী দেশটির কাছ থেকে সামরিক সহায়তা পাওয়ার পথ কার্যত বন্ধ করে দেয় ডিআর কঙ্গোর জন্য।
‘পূর্ব ডিআর কঙ্গোতে রুয়ান্ডার কার্যক্রম প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত ওয়াশিংটন চুক্তির স্পষ্ট লঙ্ঘন, এবং প্রেসিডেন্টকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে’, বিস্তারিত না জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। হোয়াইট হাউজে ফিরে আসার পর ট্রাম্প বারবার ডিআর কঙ্গোর সঙ্ঘাতকে এমন কয়েকটি যুদ্ধের একটি হিসেবে উল্লেখ করেছেন, যেগুলো তিনি অবসানে সহায়তা করেছেন বলে দাবি করেন।