কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কাকরাইলের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সামনে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে আগুনে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
গাড়ির চালক রাজু জানান, গতকাল সন্ধ্যার আগে নারায়ণগঞ্জ থেকে মালিকের শ্বশুরবাড়ি থেকে চার বোনকে ঢাকার বাসায় নিয়ে আসছিলেন। কাকরাইল মোড়ে আসার পরপরই হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া দেখতে পান। সাথে সাথে তিনিসহ ওই চারজন দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসেন। ততক্ষণে পুরো গাড়িতে আগুন ধাউ ধাউ করে জ্বলে ওঠে।
তিনি আরো জানান, আগুনের লেলিহান শিখা তীব্র থাকায় গাড়ির কাগজপত্র ও দু’টি মোবাইল নিয়ে নামতে পারেননি। ধারণা করছেন, সেগুলো পুড়ে গেছে। বিষয়টি মালিককে জানানো হয়েছে, তিনি ঘটনাস্থলে আসছেন। এক্স নোয়া মাইক্রোবাসটি ২০১৭ মডেলের। গত এক বছর আগে মালিক গাড়িটি নতুন কিনেছিলেন। ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট জানান, সন্ধ্যা সোয়া ৭টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সামনে চলন্ত অবস্থায় গাড়িটিতে হঠাৎ আগুন লেগে যায়, পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে দ্রুত দু’টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের ত্রুটির কারণে গাড়িতে আগুন ধরে যায়।