সাভারে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করায় জামায়াতের উপর বিএনপির হামলার অভিযোগ

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভারের তেঁতুলজোড়া ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার উভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জন জামায়াত কর্মী আহত হয়েছেন। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জামায়াত ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের হেমায়েতপুরের ভাঙা ব্রিজ সংলগ্ন আল-আকসা মসজিদের পাশে বাদ আসর মসজিদের মোয়াজ্জেম নাসির উদ্দিনের দোকানে চা- বিস্কুট খাওয়ার সময় জামায়াতের উদ্যোগে হেমায়েতপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করায় বিএনপি নেতা মোশারফ হোসেন মোশা’র ছোট ভাই শরিফ উদ্দিনের নেতৃত্বে জামায়াত নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা ও দোকান ভাঙচুর করে। এ সময় জামায়াত কর্মী মনির হোসেন (৩৫), মসজিদের মোয়াজ্জেম নাসির উদ্দিন (৪৫) ও জোবায়ের হোসেন (২৫) আহত হলে তাদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার মডেল থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানা যায়। সাভার মডেল থানার (ওসি) তদন্ত মো: হেলাল উদ্দিন বলেন, আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।