রিয়ালকে হারাল ম্যানসিটি
Printed Edition
ক্রীড়া ডেস্ক
চ্যাম্পয়ন লিগে জয় পেয়েছে ফুটবল ক্লাব জায়ান্ট ম্যানসিটি আর্সেনাল ও জুভেন্টাস। অন্য দিকে ড্র জুটেছে ফরাসি জায়ান্ট পিএসজির ভাগ্যে। উয়েফা চ্যাম্পিয়ন লিগে গতকাল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ২-১ গোলো হারিয়েছে পেট্রো ডলারের ক্লাব ম্যানচেস্টার সিটি। লিগ কাপেও সময়টা তেমন ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। এর মধ্যে যোগ হলো চ্যাম্পিয়ন লিগের হার। নিজেদের মাঠে ম্যাচের ২৮ মিনিটে রদ্রিগোর গোলো এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। চলতি মওসুমে এটিই প্রথম গোল রদ্রিগোর। ৩২ ম্যাচ পর গোল পেলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জাভি আলোনসোর শিষ্যরা। ৩৫ মিনিটে কর্নার কিক থেকে আসা বলে হেড নেন গার্ভাদিওল। হেড থেকে আসা বল সম্পূর্ণ নিয়ন্ত্রণে ব্যর্থ হন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া। সামনে থাকা নিকো ও’রেইলি সুযোগ নিতে দেরি করেননি। গোল করে সমতা আনেন। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে ডি বক্সে আলিং হালান্ডকে ফেলে দেন অ্যান্টনিও রুডেগার। ভিআর দেখে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সুযোগ পেয়ে কোনো ভুল করেননি এ হালান্ড। ২-১ গোলো এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফেরে সিটিজেনরা। ছয় ম্যাচে ৪ জয়ে ১৩ পয়েন্টে সিটির অবস্থান ৪।
এ দিকে ক্লাব ব্রুগকে হারিয়ে চ্যম্পিয়ন লিগের ছয় ম্যাচের ছয়টিতেই জয়ী হয়ে ১৮ পয়েন্টে তালিকার শীর্ষে আর্সেনাল। দারুণ ফর্মে থাকা দলটি এবার শিরোপার অন্যতম দাবিদার। মাত্র একবার চ্যাম্পিয়ন লিগের ফাইনাল খেলা আর্সেনাল ষষ্ঠ ম্যাচে ক্লাব ব্রুগকে হারিয়েছে ৩-০ গোলে। গানারদের হয়ে দুটি গোল করেন মাদুয়েকে। অপর গোলটি মার্তিনেল্লির। এ নিয়ে চ্যাম্পিয়ন লিগে আর্সেনালের হয়ে টানা পাঁচ মাচে গোল করলেন মার্তিনেল্লি।
গতকালের অন্য ম্যাচে জুভেন্টাস ২-০ গোলে হারিয়েছে সাইপ্রাাসের ক্লাব পাফোসকে। ইতালিয়ান ক্লাবটির হয়ে ওয়েস্টান ম্যাককেনি ও জোনাথন ডেভিড গোল দুটি করেন। পয়েন্ট টেবিলে জুভেন্টাসের অবস্থান তেমন ভালো নয়। ৯ পয়েন্ট নিয়ে ১৭তম লুসিয়ানো স্পালেত্তির দল।
অন্য দিকে বর্তমান চ্যাম্পিয়ন ফরাসি জায়ান্ট পিএসজি পয়েন্ট ভাগ করেছে অ্যাতলেটিকো বিলবাউয়ের সাথে। বিলবাউয়ের মাঠে গোল শূন্য ড্র করেছে লুইস এনরিকের দল। এর ফলে ১৩ পয়েন্টে তালিকায় তিনে অবস্থান ফরাসি ক্লাবটির।