ইয়ামালের প্রথম হ্যাটট্রিক

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অভিষেকের পর থেকে গত দুই-আড়াই বছরে কোনো হ্যাটট্রিকের দেখা পাননি লামিনে ইয়ামাল। তবে প্রতিভার স্ফুরণে তাকে গণ্য করা হচ্ছিল মেসি হিসেবে। অনেকেই আবার বলছিলেন মেসি-রোনালদো যুগের শেষে এবার শুরু ইয়ামালের। স্পেনের তরুণ সেনসেশন এবার ন্যূ ক্যাম্পে দুর্দান্ত এক রাত উপহার দিলেন। প্রথমবার পেলেন হ্যাটট্রিক। তার করা তিনটি ও রবার্ট লেভানোদোভস্কির গোলের সুবাদে ভিয়ারিয়ালকে ৪-১ ব্যবধানে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে চার পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। এই জয়ে ২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট হ্যান্সি ফ্লিকের দলের। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দুই আছে রিয়াল মাদ্রিদ। এ দিন জুলিয়ান আলভারেজের একমাত্র গোলে রিয়াল ওভেইদোকে হারিয়ে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

এ দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে টিকে থাকল ম্যানচেস্টার সিটি। ইল্যান্ড রোডে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে পয়েন্টের ব্যবধানে দুইয়ে নামিয়ে আনল পেপ গার্দিওলার দলটি। একমাত্র গোলটি করেন প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যান্তোনি সেমেনিও। ২৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬১ আর সমান ম্যাচে ৫৯ পয়েন্ট ম্যানসিটির।

এ দিকে ওয়েস্টহ্যামের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে লিভারপুল। নিজেদের মাঠ অ্যানফিল্ডে পূর্ব লন্ডনের দলটিকে ৫-২ গোলে হারিয়ে শীর্ষ চারে ওঠার দৌড়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিল আর্নে সøটের দল। ম্যাচে একটি করে গোল করেন হুগো একিতিকে, ভার্জিল ফন ডাইক, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও কোডি গাপকো। অপর গোলটি আত্মঘাতী। এই জয়ে ২৮ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ম্যানচেস্টার ইউনাইটেডের পেছনে থেকে পঞ্চম লিভারপুল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে ওয়েস্টহ্যাম।

জার্মান বুন্দেসলিগায় লিগ শিরোপার আরো কাছাকাছি পৌঁছে গেছে বায়ার্ন মিউনিখ। বরুশিয়ার হোম ভেনু সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচের শুরুতে দাপট ছিল বায়ার্নের। একের পর এক গোল করেই যাচ্ছেন বাভারিয়ানদের ইংলিশ তারকা হ্যারি কেন। আবার রোমাঞ্চকর লড়াইয়ে করলেন জোড়া গোল। তাতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-২ গোলে জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের চেয়ে পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ১১। ২৪ ম্যাচে ৬৩ পয়েন্ট বায়ার্নের। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই বরুশিয়া ডর্টমুন্ড।

ইতালিয়ান সিরি ‘আ’তে আরো এগিয়ে গেল ইন্টার মিলান। ফেদেরিকো দিমার্কো ও হাঁকান চালহানোগলুর গোলে ২-০তে জেনোয়াকে হারিয়েছে ক্রিশ্চিয়ান চিভুর দল। আর এই জয়ে দ্বিতীয় অবস্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে ১৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল ইন্টার। ২৭ ম্যাচে ৬৭ পয়েন্ট দলটির। ক্রেমোনিচকে হারিয়ে ৫৭ পয়েন্ট এসি মিলানের। এদিন ভেরোনার মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে নাপোলি। এই জয়ে ২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান নাপোলির।

এ দিকে শিরোপার কক্ষপথেই আছে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ব্রাডলি বার্কোলার একমাত্র গোলে গত পরশু তারা লে হার্ভেকে হারিয়ে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্টে নিয়ে লেন্সের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে লুইস এনরিকের দলটি।