মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ শতাধিক হাতবোমা বিস্ফোরণ
Printed Edition
মাদারীপুর প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর পৌরসভা এলাকায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত দু’জন আহত হয়েছেন বলে জানা যায়। গত শনিবার রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ‘নতুন মাদারীপুর’ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে নতুন মাদারীপুর এলাকার সাবেক কমিশনার আক্তার হাওলাদার গ্রুপের সাথে একই এলাকার হাসান মুন্সি ও আলামিন চৌকিদার গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর আগেও একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে সেই বিরোধের জের ধরেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে শতাধিক হাতবোমা বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে ঘরবন্দী হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। হাতবোমা বিস্ফোরণ ও সংঘর্ষের কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মুহূর্তেই এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষে আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।